আশুগঞ্জে শতাধিক চাতালে নষ্ট হচ্ছে ধান!

আপডেট : ১৩ জুন ২০২০, ২১:১৯

টানা ভারী বর্ষণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণের ফলে উপজেলার প্রায় সাড়ে চার শতাধিক চাতালকলে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা মূল্যের সিদ্ধ ধান। আর এসব চাতালকলে সিদ্ধ ও ভিজিয়ে রাখা ধান নিয়ে বিপাকে পড়েছেন মালিকরা। পরবর্তীতে রোদে শুকিয়ে এসব ধান দিয়ে চাল উত্পাদন করা হলে চালের মান যেমন নষ্ট হবে, তেমনি দুর্গন্ধ ছড়ানোর কারণে বিক্রি করতে হবে অর্ধেক দামে। আশুগঞ্জ উপজেলায় ছোটো-বড়ো চার শতাধিক চাতালকলে কর্মরত আছেন প্রায় ৩০ হাজার শ্রমিক। বৃষ্টিতে ধান শুকাতে না পারায় মজুরি পাচ্ছেন না তারা। আশুগঞ্জ চাতালকলে কর্মরত শ্রমিকরা জানান, বৃষ্টির কারণে ধান শুকাতে না পারায় গত তিন দিন ধরে তারা বেকার বসে রয়েছেন। এতে করে তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। এ ব্যাপারে জেলা চাতালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ বলেন, আশুগঞ্জ মোকামে ধানের আমদানি এমনিতেই সর্বনিম্নে নেমে এসেছে। বর্তমানে উপজেলার শতাধিক চাতালকলে প্রায় অর্ধলক্ষ টন সিদ্ধ ধান রাখা। বাকি চাতালগুলোতে অর্ধলক্ষ টন ধান রয়েছে হাউজে ভেজানো। টানা বৃষ্টির কারণে এসব ধান শুকানো যাচ্ছে না। এতে প্রায় ৪ কোটি টাকার ধানের ক্ষতি হতে পারে।