স্পোর্টস ডেস্ক
শুরু থেকেই করোনা ভাইরাস প্রতিরোধে সামনের থেকে কাজ করেছেন শহীদ আফ্রিদি। নিজের ফাউন্ডেশনের মাধ্যমে দুস্থদের পাশে থেকেছেন। তবে, সেই ভাইরাসটা এবার খোদ আফ্রিদিকেই আক্রান্ত করল।
পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার গতকাল শনিবার এই দুঃসংবাদ দেন। খবরটি জানিয়ে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পাকিস্তানের হয়ে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৯টি টি-টোয়েন্টি খেলা কিংবদন্তি। টুইটে ৪০ বছর বয়সি আফ্রিদি লিখেছেন, ‘বৃহস্পতিবার থেকে আমি অসুস্থ বোধ করছি। আমার শরীর খারাপভাবে ব্যথা করছিল। আমি পরীক্ষা করিয়েছি এবং দুর্ভাগ্যক্রমে আমি কোভিড-১৯ পজিটিভ। দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া প্রয়োজন, ইনশাআল্লাহ।’
আফ্রিদির করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর অনেক সতীর্থই তার সুস্থতা কামনা করেছেন। পাকিস্তানের বাঁহাতি পেসার সোহেল তানভীর রিটুইট করে লিখেছেন, দ্রুত সুস্থতা কামনা করছি লালা। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’
পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল লিখেছেন, ‘ইনশাআল্লাহ, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, আমিন। আপনার দীর্ঘ সুস্থ জীবনের জন্য দোয়া করছি। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’
