কামরাঙ্গীরচরে রনি মার্কেটে আগুন

আপডেট : ১৩ জুন ২০২০, ২১:২৯

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর কামরাঙ্গীরচরে রনি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত পৌনে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। সার্ভিসের আটটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত ১টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে কারো হতাহত হবার খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস রনি মার্কেটের বেজমেন্টে আগুন লাগার সংবাদ পায়। এরপর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে। আগুনের ভয়াবহতা দেখে আগুন নিয়ন্ত্রণের জন্য পরে আরো দুটি ইউনিট যোগ দেয় । প্রায় দুই ঘণ্টার চেষ্টায় অবশেষে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরো বলেন, ছয় তলা মার্কেটের নিচতলার বেজমেন্টে আগুন লাগে। ঐ বেজমেন্টে বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী রয়েছে, সেগুলোর সব আগুনে পুড়ে গেছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার কারণ তদন্ত করছেন। তিনি আরো বলেন, আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি।