মোবাইল চুরির কথিত অভিযোগে পীরগঞ্জের পল্লিতে ইউপি সদস্য ও গ্রাম্য মাতব্বর কর্তৃক দুই শিশুকে নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর গতকাল শনিবার জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল হক, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, ইউএনও রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মো. আব্দুল্লাহ্, ওসি প্রদীপ কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে শিশুদের পরিবারকে আশ্বস্ত করেন।
এ ঘটনার ব্যাপারে পীরগঞ্জ থানায় উপজেলার সেনগাঁও ইউনিয়নের ইউপি সদস্য দেওধা গ্রামের জহিরুল ইসলাম গুড ও মোতালেব আলীসহ সাত জনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতনের শিকার এক শিশুর মা শরিফা খাতুন। মামলার বিবরণীতে জানা যায়, তাকে কুপ্রস্তাব দেয় একই গ্রামের মোতালেব আলী। এ প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২২ মে মোবাইল চুরির কথিত অভিযোগে তার ছেলে সুমন (১৩) ও ভাতিজা কমিরুলকে (১৬) রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন। এ সময় তিনি বাধা দিলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ইউপি সদস্য ও মোতালেবসহ আসামিরা। কিন্তু নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় সমালোচনার ঝড় ওঠে।’
