ডা. জাফরুল্লাহর এখনো করোনা পজিটিভ, আজ পিসিআর টেস্ট

আপডেট : ১৩ জুন ২০২০, ২৩:০৭

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে এখনো করোনা ভাইরাস আছে। গণস্বাস্থ্যের অ্যান্টিজেন কিটে তিনি এখনো করোনা ভাইরাস পজিটিভ। বিষয়টি আরো নিশ্চিত হতে আজ রবিবার পিসিআর টেস্ট করা হবে বলে জানিয়েছেন তার চিকিত্সকরা।

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্তে র?্যাপিড টেস্টিং কিট দিয়ে পরীক্ষায় গত ২৫ মে জাফরুল্লাহর কোভিড-১৯ পজিটিভ আসে। এছাড়া ২৮ মে বিএসএমএমইউতে পিসিআর টেস্টেও তার করোনা পজিটিভ আসে। করোনা পজিটিভ হওয়ার পর ২০ দিন পার হলেও এখনো তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি রয়েছে। গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিত্সাধীন ডা. জাফরুল্লার চিকিত্সকদের সূত্রে জানা গেছে, তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। এখন কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের দরকার হচ্ছে না। কিন্তু এখনো তিনি ঝুঁকিমুক্ত নন।

চিকিত্সকরা জানান, জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের অবস্থা আগের চেয়ে ভালো। তবে এখনো পুরোপুরি ভালো হয়নি। তার গলার ইনফেকশনটাও আগের চেয়ে ভালো। তার থেরাপি, অ্যান্টিবায়োটিক ও ডায়ালাইসিস নিয়মিত চলছে। খাওয়া, টয়লেটে যাওয়া সব নিজেই করতে পারছেন।