টেকনাফে বিদ্যুত্ স্পৃষ্টে বন্য হাতির মৃত্যু

আপডেট : ১৩ জুন ২০২০, ২৩:০৯

টেকনাফে খাবারের খোঁজে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা এক বন্য হাতি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছে। শুক্রবার উপজেলার হ্নীলা পশ্চিম পানখালীর খণ্ডাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার একটি বন্য হাতি খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে আসে। পথে খণ্ডাকাটা গ্রামে টানা লাইনের তারে হাতির শুঁড় আটকে যায়। এতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে হাতিটি মারা যায়।

টেকনাফ সহব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুর রহমান হাশেমী জানান, খবর পেয়ে টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমদের নেতৃত্বে বনবিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন শেষে ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা করে হাতিটি পুঁতে ফেলা হয়। তবে হাতির দাঁত ২টি দোলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে সংরক্ষণের জন্য রাখা হয়েছে।

এদিকে স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে বনভূমি উজাড় এবং অবৈধ দখলের কারণে বনজ সম্পদ কমে আসায় বন্যপ্রাণিরা মূলত চরম খাদ্য সংকটে পড়ে। তাই উপজেলার বিভিন্ন পয়েন্টে বন্য হাতির পাল নেমে এসে বসত-বাড়ি ও চাষাবাদের ক্ষয়ক্ষতি সাধন করে আসছে। বন্যপ্রাণি বাঁচিয়ে রাখতে পাহাড়ে প্রাণী খাদ্যের চাষাবাদ দরকার বলে সচেতন মহল মনে করেন।