ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা বহাল রেখে বাজেটে মৃত্যুকে প্রণোদনা দেওয়া হয়েছে -------রব

আপডেট : ১৪ জুন ২০২০, ০০:১৬

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করোনায় মানুষের জীবন সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পায়নি। করোনা জনস্বাস্থ্যের যে ঝুঁকি তৈরি করেছে সে বিবেচনায় ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজানোর কোনো পরিকল্পনা না করে প্রমাণিত অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্যব্যবস্থাকে আমলাতন্ত্রের কাছেই থোক বরাদ্দ দেওয়া হয়েছে। এটা জনজীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার প্রণোদনারই নামান্তর। গতকাল শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাজেট প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

রব বলেন, করোনার অভিঘাত বা ছোবল মানুষের জীবন ও অর্থনীতিতে কি ধরনের আঘাত হেনেছে বা অদূর ভবিষ্যতে কি ধরনের আঘাত হানবে এর কোনো কিছুই বাজেট পরিকল্পনায় পরিলক্ষিত হয়নি। করোনা নিয়ন্ত্রণে সরকারের কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই, নেই কোনো অগ্রাধিকার।