দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে বিয়ে করা নিয়ে কম পানি ঘোলা হয়নি। তাসকিন আহমেদের বিয়ে নিয়ে অনেক গুজবও ছড়িয়েছিল। এতদিন এ নিয়ে কথা না বললেও এবার তাসকিন নিজের প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বললেন এই অনুষ্ঠানে। কীভাবে প্রেমের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াল, তাই খুলে বললেন।
নিজের প্রেম সম্পর্কে বলছিলেন, ‘আমরা এক সঙ্গে স্কুলে পড়তাম। ওর বাসায় যখন প্রেমের কথা জানতে পারল তখন ওর বাবার কাছে কে জানি গিয়ে বলেছিল—আমার বাবা এলাকার গুন্ডা আর আমি হকি খেলোয়াড়! তখন আমি বললাম—সময় হলে সব দেখা যাবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার বছরখানেকের মধ্যেই আমি বাবাকে বিষয়টা জানিয়েছিলাম। আস্তে আস্তে বাবা-মা ব্যাপারটাকে মেনে নিলেন। ওর পরিবারের সবাইও আস্তে আস্তে জানতে পারে।’
এরপর বিয়েটা হয়ে গেল ২০১৭ সালে এসে। সেটা বলছিলেন এই ফাস্ট বোলার, ‘২০১৭ দক্ষিণ আফ্রিকা সফরে আমি অনেক খারাপ খেলেছিলাম। অনেক হতাশ হয়ে পড়েছিলাম। দক্ষিণ আফ্রিকায় থাকা অবস্থায়ই বাবাকে জানালাম—আমি দেশে এসে ওকে বিয়ে করতে চাই। বাবা জানতে চাইলেন আমি নিশ্চিত কি না, আরো সময় নিতে পারি চাইলে। তখন আমি বললাম—আমি (ক্রিকেটে) মনোযোগ আরো বাড়াতে চাই, এজন্য চাই ও আমার সঙ্গে থাকুক। অনেক সময় ধরে সম্পর্ক, আমি চাই এখন আমাদের বিয়ে হোক।’
তাসকিনের বিয়েতে মাশরাফি বিন মুর্তজা ছিলেন ‘উকিল বাবা’। সেই গল্পটাও তাসকিন শোনালেন, ‘আসলে জাতীয় দলের খেলোয়াড়-অফিসিয়াল সবাইকেই দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু সফর থেকে এসে সবাই অনেক ক্লান্ত ছিল। দক্ষিণ আফ্রিকা থেকে সকালে দেশে পৌঁছেছি, সন্ধ্যায়ই ছিল কাবিন। তাই শুধু মাশরাফি ভাই ও তামিম ভাই এসেছিল। আমার বাবার খুব ইচ্ছা ছিল মাশরাফি ভাইকে উকিল বাবা বানানোর। এজন্য এত ব্যস্ততার মাঝেও মাশরাফি ভাই এসেছিল। বিয়ের পর মাশরাফি ভাই নাঈমাকে ফোনে বলল, তাসকিন যদি কখনো ঝগড়াঝাটি করে তুমি আমাকে বিচার দিও।’
