নির্বাচনী কর্মকর্তাদের বহনকারী গাড়ি পোড়ানো মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১৬:২০

নির্বাচনের আগের দিন ভোট গ্রহণকারী কর্মকর্তাদের বহনকারী মিনিবাস পোড়ানো মামলায় বেগমগঞ্জ উপজেলার ১০নং নরোত্তম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা হারুনুর রশীদ বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বেগমগঞ্জ নরোত্তমপুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি ( তদন্ত) মো. নূরে আলম জানান, বেগমগঞ্জ উপজেলার ১০নং ইউনিয়নের সুরুজ মিয়ার স্কুল কেন্দ্রে শনিবার বিকালে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ও ভোটের সরঞ্জাম বহনকারী মিনিবাস কেন্দ্রে পৌঁছার পর মালপত্র নামিয়ে কর্মকর্তারা কেন্দ্রের ভেতর অবস্থান করছিল। ওই রাতে বিএনপি-জামায়াত শিবিরের সমর্থকরা চেয়ারম্যান বাচ্চুর নেতৃত্বে এসে মিনিবাসে আগুন ধরিয়ে দিলে বাসটি পুড়ে যায়।

আরো পড়ুন: মার্চে উপজেলা ভোটের চিন্তা ইসির

পরে বেগমগঞ্জ মডেল থানায় কয়েক শত লোকের বিরুদ্ধে মামলা দায়ের হলে মঙ্গলবার সন্ধ্যায় নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের নিকট থেকে চেয়ারম্যান বাচ্চুকে গ্রেফতার করে পুলিশ।

ইত্তেফাক/বিএএফ