করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বিস্তার ঘটায় ‘রেড জোন’ বিবেচনা করে লক্ষ্মীপুর জেলাকে ফের লকডাউন করা হচ্ছে। ফলে আগামীকাল (১৬ জুন) মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হয়ে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত সদর, রায়পুর ও রামগঞ্জ উপজেলায় এই লকডাউন কার্যকর থাকবে। রবিবার সকালে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেন জেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. আবদুল গফফার, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি অঞ্জন চন্দ্র পাল জানান, অত্যধিক ঝুঁকি বিবেচনায় লক্ষ্মীপুর জেলা লকডাউন ঘোষণার প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার থেকে লকডাউন কার্যকর করা হচ্ছে। এতে সব ধরনের যানবাহন এবং দোকান ও শপিংমল বন্ধ থাকবে। ওষুধের দোকান, অ্যাম্বুলেস ও ওষুধ পরিবহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
