ঝিনাইদহে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে

আপডেট : ১৪ জুন ২০২০, ২১:৪৬

ঝিনাইদহে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গতকাল রবিবার একজন চিকিত্সকসহ আরো ১১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ জেলায় মোট ৯৪ জন করোনায় আক্রান্ত হলো। মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। হাটবাজারগুলোতে মানুষের গিজগিজে ভিড়। ইজিবাইক ও থ্রি হুইলারগুলোতে গাদাগাদি করে মানুষ যাতায়াত করছে। বিভিন্ন জেলা থেকে করোনা আক্রান্ত লোকজন বাড়িতে এসে রোগের সংক্রমণ ছড়াচ্ছে।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, আক্রান্তদের মধ্যে কালীগঞ্জে একজন চিকিত্সকসহ তিন জন, কোটচাঁদপুর উপজেলায় পাঁচ জন, মহেশপুর উপজেলায় একজন  ও  হরিণাকুন্ড উপজেলায় দুই জন রয়েছেন।  তিনি বলেন, ঈদের আগে থেকে মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। এতে সংক্রমণের সংখ্যা বেড়ে যাচ্ছে। জেলার বাইরে থেকে করোনা আক্রান্তরা বাড়িতে আসছে। ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে তার জন্য কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। জেলার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।