সাদ এরশাদপন্থিদের রংপুরে অবাঞ্চিত ঘোষণা

আপডেট : ১৪ জুন ২০২০, ২২:৪৩

রংপুর-৩ আসনের এমপি সাদ এরশাদের সঙ্গে রংপুরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। সাদ এরশাদকে বাদ রেখে এরশাদের দুর্দিনের কাণ্ডারিদের সঙ্গে নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালনের। শনিবার রাতে সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর জাপা আয়োজিত এক যৌথসভায় এমনই সিদ্ধান্ত নেন দলটির নেতা-কর্মীরা। সে সঙ্গে সম্প্রতি সাদ এরশাদের ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা পার্টির প্রবীণ নেতার ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা এবং সাদ এরশাদ পন্থিদের অবাঞ্চিত ঘোষণা করা হয়। এমনকি এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে তাদের উপস্থিতি নিষিদ্ধ ঘোষণা করা হয় যৌথ সভা থেকে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, মহানগর সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে যৌথ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী আ. রাজ্জাক, মহানগর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফী, সহ সাধারণ সম্পাদক আলহাজ খতিবর রহমান, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, মহানগর যুব সংহতি সভাপতি শাহিন হোসেন জাকির, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন কাদেরী শান্তি, মহানগর শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মো. মাজহার ইসলাম মন্টু, স্বেচ্ছাসেবক পার্টির জেলা আহ্বায়ক আবুল হোসেন প্রমুখ।