স্পেনকে কৃষিশ্রমিক নেওয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ১৫ জুন ২০২০, ০০:৩৩

কৃষিক্ষেত্রে বাংলাদেশ ও স্পেনের মধ্যে সহযোগিতার সুযোগ আছে উল্লেখ করে এদেশ থেকে কৃষি শ্রমিক নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সম্প্রতি স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আরানচা গঞ্জালেস লায়ার সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ অনুরোধ জানান।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, বাংলাদেশ পৃথিবীর চতুর্থ ধান ও পঞ্চম সবজি উত্পাদনকারী দেশ। করোনা পরবর্তী পরিস্থিতিতে কৃষিকাজে স্পেন বাংলাদেশের শ্রমিকদের কাজে লাগাতে পারবে। তাছাড়া স্পেনকে এদেশ থেকে তৈরি পোশাকের পাশাপাশি চিংড়ি, পাটজাত পণ্য, ওষুধ, পিপিইসহ বিভিন্ন সামগ্রী আমদানি করারও অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের রেলওয়ের উন্নয়ন ও সংযোগ বাড়ানোর ক্ষেত্রে স্পেনের বিনিয়োগের সুযোগ আছে বলেও জানান তিনি। বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতারা যাতে বাংলাদেশের তৈরি পোশাক খাতে ক্রয়াদেশ বাতিল না করে সে বিষয়েও তিনি স্পেনের সহযোগিতা কামনা করেন। আরানচা গঞ্জালেস লায়া করোনা পরবর্তী পরিস্থিতিতে অর্থনৈতিক ক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

বিনিয়োগবান্ধব পরিবেশ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, এদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করলে স্পেনের কোম্পানি যেকোনো দেশের তুলনায় লাভবান হবে। এতে বাংলাদেশিদেরও কর্মসংস্থান হবে।

মন্ত্রী বলেন, বংলাদেশ মানবিক কারণে মিয়ানমারের ১১ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে সাময়িকভাবে আশ্রয় দিয়েছে। মিয়ানমার সরকার তাদের জনগোষ্ঠীকে ফিরিয়ে নিতে চাইলেও গত তিন বছরে নিরাপদ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি করেনি এবং কোনো রোহিঙ্গাকে ফেরত নেয়নি। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে তিনি স্পেনের সহযোগিতা কামনা করেন। স্পেন নিরাপদ প্রত্যাবাসনের ওপর জোর দেয় বলে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।

স্পেনে কর্মরত তিন শতাধিক বাংলাদেশি দেশে এসে করোনার কারণে আটকা পড়ে। তাদের চার্টার্ড ফ্লাইটে স্পেনে ফেরার বিষয়ে সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চান ড. মোমেন। আরানচা গঞ্জালেস লায়া এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।