মুক্তিপণ না পেয়ে যুবককে হত্যা, তিন মাস পর কঙ্কাল উদ্ধার

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১৮:৫৫

অপহরণের তিন মাস পর নরসিংদীর পলাশ উপজেলা থেকে পারভেজ হোসেন (২৫) নামে এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে  উপজেলার নোয়াকান্দা এলাকার একটি আখ ক্ষেত থেকে তার কঙ্কাল উদ্ধার করা হয়।

নিহত পারভেজ পলাশ উপজেলার আদর্শ গ্রামের তাজুল ইসলামের ছেলে। পুলিশের দাবি নিহত পারভেজ হোসেন ডাকাত দলের একজন সক্রিয় সদস্য ছিলেন।

নিহত পারভেজের বাবা তাজুল ইসলাম বলেন, ২০১৮ সালের ১০ অক্টোবর পারভেজ পলাশ উপজেলার পারুলিয়া বাজার থেকে বাড়ি আসার পথে দুর্বৃত্তরা পারভেজকে অপহরণ করে। পরে পারভেজের মোবাইল ফোন থেকে কল দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। তাদের দাবিকৃত এক লাখ টাকা না দিলে পারভেজকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় তারা। এ ঘটনায় পলাশ থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য জালাল মিয়াকে রূপগঞ্জের গাউছিয়া এবং বধুকে রায়পুরা উপজেলার ডৌকারচর এলাকা থেকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তারা পারভেজকে গলাকেটে হত্যার কথা স্বীকার করে।

আরো পড়ুন: ভোটের জেরে ধর্ষণ, আরও একজন গ্রেপ্তার

পুলিশ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে ডাকাতির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে পারভেজকে হত্যা করা হয়। পরে তার লাশ নোয়াকান্দা এলাকার একটি আখ ক্ষেতে মাটি চাপা দিয়ে রাখা হয়। তাদের দেওয়া তথ্য মতে বুধবার দুপুরে শিবপুর থানা পুলিশ ও পলাশ থানা পুলিশের সহায়তায় উপজেলার নোয়াকান্দা এলাকার আখ ক্ষেত থেকে পারভেজের কঙ্কাল উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, থানায় সাধারণ অভিযোগের পর পুলিশ এটির কোন ক্লু খুঁজে পাচ্ছিল না। অবশেষে এসআই রফিকুল ও মনিরের দৃঢ়তায় হত্যার সাথে জড়িত দুজনকে আটক ও মৃত দেহের কঙ্কাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

ইত্তেফাক/বিএএফ