সফরে পরিবার না রাখা নিয়ে ভাবছে বোর্ড!

আপডেট : ১৫ জুন ২০২০, ২১:১৫

গত বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়ই পরিবারকে সঙ্গে রেখেছিলেন। কিন্তু সে নিয়ে বোর্ডের অভিজ্ঞতা খুব ভালো হয়নি। খেলোয়াড়রা অনুশীলনে ঠিকমতো মনোযোগ দিতে পারেননি বলে মনে করে বোর্ডের এক অংশ। ফলে ভবিষ্যতে লম্বা সফরে খেলোয়াড়দের সঙ্গে পরিবার রাখার অনুমতি না দেওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভাবছে বলে জানা গেল। অবশ্য বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বললেন, এমন কোনো আলোচনা এখনো হয়নি।

গত বিশ্বকাপ ছিল দীর্ঘ এক সফর। ভারতসহ কয়েকটি দেশ এই সফরের অংশবিশেষে পরিবারকে কাছে রাখার অনুমতি দিয়েছিল। বাংলাদেশের খেলোয়াড়রা সুযোগ পেয়েছিলেন পরিবারের সদস্যদের কাছে রাখার। কিন্তু খেলার মাঝখানে লম্বা এক বিরতিতে ছুটি পেয়ে সব খেলোয়াড় পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। ফলে তারা ফোকাস হারিয়ে ফেলেছিলেন বলে অনেকে মনে করেন।

বিসিবির একাংশ মনে করে, এরকম লম্বা সফরে পুরো সময়ের জন্য আর ক্রিকেটারদের পরিবার কাছে রাখার অনুমতি দেওয়া ঠিক হবে না। আবার পরিবারকে একেবারেই সফরে না নেওয়ার পক্ষেও মত আছে। তবে খেলোয়াড়রা চান পরিবার তাদের পাশে থাকুক। খেলোয়াড়রা মনে করেন এতে খেলায় মনোযোগ দেওয়া সহজ হয়।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলছিলেন, ‘এ নিয়ে কোনো আলাপ হয়নি। ক্রিকেটারদের অনেকে আমার কাছে জানতে চেয়েছিল, ভবিষ্যতে এ বিষয়ে কি সিদ্ধান্ত হবে। আমি বলেছি, বোর্ডে আলাপ হবে। আমাদের তো এর মধ্যে বোর্ড মিটিংই হয়নি। ফলে আলাপ হয়নি।’