বিরতিতে উজ্জীবিত সরফরাজ

আপডেট : ১৫ জুন ২০২০, ২১:১৫

অধিনায়কত্ব হারিয়েছেন, জাতীয় দল থেকে বাদও পড়েছেন। এরপর করোনা ভাইরাসজনিত অনাকাঙ্ক্ষিত বিরতিতে সরফরাজ আহমেদের অপেক্ষার প্রহরটা বেড়েছে আরো। যদিও, সাবেক এই পাকিস্তানি অধিনায়ক দাবি করেছেন, এই বিরতিটা তাকে আরো বেশি উজ্জীবিত করেছে।

ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডেও (পিসিবি) দেওয়া ২৯ জনের দলে আছেন সরফরাজ। গত অক্টোবরে অধিনায়কত্ব হারানোর পাশাপাশি সব সংস্করণেই দল থেকে বাদ পড়েন সরফরাজ। পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ থেকে নেমে যান ‘বি’ ক্যাটাগরিতে। এরপর এবারই প্রথমবারের মতো ফিরলেন জাতীয় দলের দুয়ারে।

৩২ বছর বয়সি এই ব্যাটসম্যান জানান, বাদ পড়ার পর কেবল নিজের উন্নতি নিয়েই কাজ করেছেন। প্রস্তুতি নিয়েছেন পাকিস্তানের প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ উল হকের পরামর্শ অনুযায়ী।

তিনি বলেন, ‘বিরতির বেশিরভাগ সময় ব্যস্ত ছিলাম। এরপর শেষ এই তিন মাসে কোয়ারেন্টাইনে প্রচুর ফাঁকা সময় ছিল। সুযোগ পেয়েছিলাম ফিরে দেখার এবং নিজের ফিটনেসের উন্নতি করে প্রত্যাশিত সুযোগের জন্য। মিসবাহ ভাইয়ের সঙ্গে আমার কথা হয়। তিনি আমাকে ফিটনেসের উন্নতির জন্য এই সময়টা স্মার্টলি কাজে লাগানোর এবং আমি যে ভুলগুলো করেছিলাম সেগুলো নিয়ে ভাবার তাগিদ দিয়েছিলেন।’

সব মিলে এই বিরতিকে ইতিবাচক হিসেবে দেখছেন ৪৯ টেস্ট, ১১৬ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি খেলা সরফরাজ। বললেন, ‘সব মিলে আমার উপলব্ধি হলো, জাতীয় দল থেকে এই সাত-আট মাসের বিরতি খেলোয়াড় হিসেবে নিজেকে ফিরে পেতে আমাকে সাহায্য করেছে।’