লিগ শিরোপা থেকে বায়ার্ন মিউনিখের দূরত্বটা তিন পয়েন্টের। আজ ভের্ডার ব্রেমেনের বিপক্ষে জিতলেই টানা অষ্টমবারের মতো শিরোপা ঘরে তুলবে ব্যাভারিয়ানরা। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরছেন রবার্ট লেভান্ডোভস্কি আর থমাস মুলার। বুন্ডেসলিগার নিষ্পত্তির ব্যাপারে ‘শুভস্য শীঘ্রম’ নীতি মানছেন বায়ার্ন কোচ হ্যান্সি ফ্লিক। জানালেন, আজই শিরোপা ঘরে তুলতে চায় দল, ‘আমাদের লক্ষ্য মঙ্গলবারেই কাজটা শেষ করা। ব্রেমেনে আবারও জিতে হিসেবটা শেষ করে ফেলতে চাই আমরা।’ তবে ব্রেমেনের মাঠে না জিতলেও শিরোপার নিষ্পত্তি চলতি রাউন্ডেই হয়ে যেতে পারে। সেক্ষেত্রে দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডকে মেইঞ্জের কাছে পয়েন্ট হারাতে হবে। নিজেদের মাঠে বরুসিয়া ম্যাচটি খেলবে আগামীকাল বুধবার।
