এই সময়ের ছড়া

গো-এন-স্টক

আপডেট : ১৫ জুন ২০২০, ২১:৪৩

একি রে তোর ঘরের কী হাল! কীসব বামে, ডানে!

ঢুকতে গেলেই লাগছে গুঁতো, পা রাখি কোনখানে?

 

আগেরবারও ঘরটা ছিল কেমন ফাঁকা ফাঁকা

ঠিক করে বল মাথার কাছে কার্টনে কী রাখা!

রেমডিসিভির! কয় কার্টন! আট-নয়-দশ, বারো!

কী বললি! পায়ের কাছে দুই কার্টন আরো!

 

জানলা ঢেকে কী রেখেছিস? পর্দাতে কী ঢাকা!

কী বললি? হাইড্রোক্সি ক্লোরোকুইন রাখা!

আইভারমেকটিন কিনেও স্টক করেছিস নাকি!

এজিথ্রোমাইসিন কিনেছিস! রাখলিটা কী বাকি?

 

খাটের তলায় এসব কী রে! বুদ্ধি তো তোর খাসা!

অক্সিজেনের সিলিন্ডারে নিচ পুরোটাই ঠাসা!

পনেরোটা অক্সিমিটার! তুই এনেছিস কিনে!

বুঝতেছি না, বুদ্ধি কি তোর কমছে দিনে দিনে!

 

কৌটাতে কী? কালোজিরা! বস্তা ভরা আদা!

বারান্দাতে এই লোক কে? দড়ি দিয়ে বাঁধা!

কোভিড রোগী! সারল কবে? হপ্তা দুয়েক আগে!

এর থেকে কি প্লাজমা নিবি! প্লাজমা যদি লাগে!

 

তোর মাথা কি পুরোই খারাপ? নাকি রে তুই গাধা?

আমার কাছে দেখছি এটাই মস্ত বড়ো ধাঁধা।

হে দয়াময়! এমন গাধা কেউ দেখে নাই আগে

দয়া করে অল্প কোভিড রেখো গাধার ভাগে।