কেরানীগঞ্জে হুমকির মুখে চীনমৈত্রী সেতুর পিলার

আপডেট : ১৫ জুন ২০২০, ২১:৫০

কেরানীগঞ্জে হাসনাবাদ এলাকায় চীনমৈত্রী সেতুর নিচে বুড়িগঙ্গা নদীর পাড়ে সেতুর পিলার ঘেঁষে দীর্ঘদিন ধরে চলছে অবৈধ পাথর, ইট, বালি ও সিমেন্টের ব্যবসা। প্রতিদিন শত শত মালবাহী ট্রাক ও লরি আসা-যাওয়া করায় সেতুর আটটি পিলার হুমকির মুখে।

হোসেন ব্যাপারী ঘাটটি বন্ধের পর রহস্যজনকভাবে আবার চালু করেছে একটি সংঘবদ্ধ চক্র। বিআইডব্লিউটিএর নদীর পাড়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযানের সময় এই ঘাটটি সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পরপরই ঘাটটি পুনরায় চালু হওয়ায় বিআইডব্লিউটিএর কার্যক্রম নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন বিআইডব্লিউটিএর কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে একটি স্বার্থান্বেষী মহল এই ঘাটটি অবৈধভাবে চালু করে প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন।

মালামালভর্তি ট্রাকগুলো প্রবেশ ও বের হওয়ার সময় ট্রাকের আঘাতে সেতুর অন্তত আটটি পিলার ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞদের অভিমত এভাবে পাথর, ইট ও সিমেন্টভর্তি ট্রাকের ধাক্কায় সেতুর পিলারগুলো ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। এছাড়া এলাকাবাসীর অভিযোগ, দিনে ট্রাক চলাচল নিষিদ্ধ হলেও ট্রাফিক পুলিশকে উেকাচ দিয়ে শত শত গাড়ি সেতুতে ওঠানামা করায় অধিকাংশ সময় দুই প্রান্তে যট লেগে থাকে। ঘটে দুর্ঘটনা ।