গুণী নির্মাতা রাজু আলীম

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১৯:০৭

কবি, সাংবাদিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের সহ-মহাব্যবস্থাপক রাজু আলীমের কাছে ২০১৮ সালটি ছিল অপার সৌভাগ্য এবং কাজের অনুপ্রেরণার বছর হিসেবে। সাংবাদিকতা, টেলিভিশন অনুষ্ঠান, নাটক নির্মাণ ও লেখালেখিতে বছরব্যাপী তুমুল ব্যস্ত ছিলেন তিনি। বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘শিল্পকথা’ তার পরিকল্পনায় এবং উপস্থাপনায় বছরজুড়ে প্রচারিত হয়েছে। এই অনুষ্ঠানে বাংলাদেশের বরেণ্য সব সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগীত, অভিনয় ও আবৃত্তি অঙ্গনের দেশসেরা তারকারা বছরব্যাপী অংশ নিয়েছেন। সারা বছরজুড়ে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠানগুলোর অন্যতম রাজু আলীমের ‘শিল্পকথা’। এ ছাড়া ২০১৮ সালজুড়ে তার পরিকল্পনায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে ‘তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ’ অনুষ্ঠানটি। সাবেক মন্ত্রী মোস্তাফা জব্বার, কর্পোরেট পার্সোনালিটি রুবাবা দৌলাসহ দেশের জনপ্রিয় সব উপস্থাপকের সঙ্গে তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি বিষয়ে এই অনুষ্ঠানে নিয়মিত অংশ নিয়েছেন মন্ত্রী, সচিব, দেশসেরা আইসিটি উদ্যোক্তা এবং তরুণ উদ্যোক্তাসহ বিভিন্ন সেক্টরের অসংখ্য মানুষ। সমসাময়িক বিষয় ভিত্তিতে নির্মিত বিটিভির টকশোগুলোর মধ্যে রাজু আলীমের ‘তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ’ অনুষ্ঠানটি সারা বছরই ছিল আলোচনায়। ২০১৮ সালে রাজু আলীমের ব্যস্ততার আরেকটি অনুষঙ্গ হলো চ্যানেল আইয়ের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘তারকা কথন’-এর পরিচালক তিনি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটি টকশো হিসেবে সবার কাছেই পরিচিত ‘তারকা কথন’ বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকা ও মহাতারকাদের নিয়ে নিয়মিত অনুষ্ঠানটি সম্প্রচারে পরিচালক হিসেবে রাজু আলীমের কৃতিত্ব উল্লেখযোগ্য। এ ছাড়া ২০১৮ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে তার পরিচালনায় রাত আটটা ত্রিশ মিনিটে প্রচারিত টকশো ‘বার্জার টু দ্য পয়েন্ট’ নির্বাচনের আগে ছিল তুমুল আলোচনায়। টু দ্য পয়েন্টে প্রতিরাতে হট সিটে অতিথি হয়ে এসেছেন ডাকসাইটে জাতীয় সব রাজনীতিবিদেরা। তাদের আলোচনার ঝড়ে প্রতিরাতে গণতন্ত্র ও নির্বাচনকামী সাধারণ মানুষের কাছে রাজু আলীমের ‘বার্জার টু দ্য পয়েন্ট’ হয়ে উঠেছিল অনিবার্য এক নাম। এ ছাড়া চ্যানেল আইয়ের পর্দায় সারা বছর জুড়ে প্রচারিত হয়েছে রাজু আলীমের পরিচালনায় ‘রানার শিল্পলোক’ এবং ‘খোলা আকাশ’ অনুষ্ঠান দুটি। এই দুটি অনুষ্ঠানে বছরজুড়ে দেখে গেছে দেশের প্রথমসারীর তারকা ব্যবসায়ীদের। তাদের আলোচনা, পরামর্শ আর সুপারিশে সমৃদ্ধ হয়ে চ্যানেল আইয়ের অন্যতম সফল অনুষ্ঠানের দুটি ‘রানার শিল্পলোক’ ও ‘খোলা আকাশ’। ২০১৮ সালে শিল্পের মহান কারিগর হুমায়ূন আহমেদের জন্মদিনে চ্যানেল আইয়ের দর্শকদের জন্য রাজু আলীমের পরিচালনায় নির্মিত হয় টেলিফিল্ম ‘রূপার জন্য ভালোবাসা’। তুমুল জনপ্রিয় এই টেলিফিল্মে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, ঈশানা খান ও মুমতাহিনা টয়াসহ অন্যরা। ২০১৮ সালের চ্যানেল আইয়ের অন্যতম সেরা প্রোডাকশন ছিল এটি। রাজু আলীমের পরিচালনায় চ্যানেল আইয়ের সমস্ত অনুষ্ঠান একই সঙ্গে সরাসরি সম্প্রচারিত হয়েছে চ্যানেল আই ফেসবুক লাইভে। সেখানে অনুষ্ঠানগুলোর ভিউ, কমেন্ট ও শেয়ার ছিল সত্যিই অবাক করার মতো। এই সব নানামাত্রিক কাজের পাশাপাশি রাজু আলীম ২০১৮ সালের অমর একুশে বই মেলায় লিখেছেন তার তিনটি বই। চ্যানেল আইয়ে বিশেষ দিনগুলোতে অনুষ্ঠান পরিচালনা এবং নির্মাণে তার ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো।