ফিরে দেখা ২০১৮ হলিউড

আলোচিত ১০ ছবি ও ৫ গান

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১৯:০৮

বিদায়ী বছর ২০১৮ নানাভাবে ঘটনাবহুল ছিল হলিউডে। গত বছরে মুক্তি পেয়েছে অসংখ্য সিনেমা। যার মধ্যে অ্যাকশন, রোমান্টিক, সায়েন্স ফিকশন, হরর, অ্যাডভেঞ্চার অ্যানিমেটেড, সুপারম্যান ধাঁচের সিনেমা যেমন ছিল পাশাপাশি সিরিয়াস ধাঁচের ভিন্ন স্বাদের চলচ্চিত্রও দর্শক-সমালোচকদের আলোড়িত করেছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক সাফল্য, নির্মাণ সৌকর্য, শিল্পীদের দুর্দান্ত পারফরম্যান্স, আধুনিক চোখ ধাঁধানো প্রযুক্তির ব্যবহার ইত্যাদি বিচারে সেরা ১০টি সিনেমা নির্বাচন করা হলো। দুনিয়াজুড়ে এই সিনেমাগুলো বাজিমাত করেছে।

প্রথমেই বলা যায় ‘অ্যাভেঞ্জারস :ইনফিনিটি ওয়ার’ সিনেমাটির কথা। রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওর্থ, মার্ক রাফেলো, ক্রিস ইভানস, স্কারলেট জোহানসন প্রমুখ অভিনীত মারভেল কমিকসের সুপারহিরো ধাঁচের সিনেমাটির প্রযোজক মারভেল স্টুডিও। ‘অ্যাভেঞ্জারস’ সিরিজের সিনেমাটি দুনিয়াজুড়ে দর্শকদের চমকিত করেছে।

এরপর ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমাটির কথা বলা যায়। এটিও সুপারহিরো ধাঁচের সিনেমা। মারভেল কমিকসের আরেক জনপ্রিয় চরিত্র ‘ব্ল্যাক প্যান্থার’-এর নতুন অ্যাডভেঞ্চার গল্প নিয়ে আবর্তিত সিনেমাটিতে চাডউইক বোসম্যান, মাইকেল বি, জর্ডন, লুপিটা নয়নগো, মারটিন ফ্রিম্যান অভিনয় করেছেন। ‘জুরাসিক ওয়ার্ল্ড :ফলেন কিংডম’ সিনেমাটিও বাজিমাত করেছে এ বছর। ডাইনোসরদের নিয়ে আবর্তিত বহু সিনেমা আগে অনেক দেখেছেন দর্শক। এ বছর নতুন গল্প নিয়ে নির্মিত ‘জুরাসিক ওয়ার্ল্ড :ফলেন কিংডম’ সিনেমাটি দর্শক পছন্দ করেছেন। অ্যানিমেটেড মুভি ‘ইনক্রেডিবলড টু’ সববয়সী দর্শকদের মন জয় করে নিয়েছে। অ্যাকশন অ্যাডভেঞ্চার থ্রিলার সিনেমা ‘ভেনম’ বক্স অফিসে বাজিমাত করেছে গল্পের বৈচিত্র্য এবং চোখ ধাঁধানো অ্যাকশন দৃশ্যের কারণ। একইভাবে ‘মিশন ইম্পসিবল :ফল আউট’ সিনেমাটির কথা বলা যায়। টম ক্রুজ অভিনীত ‘মিশন ইম্পসিবল’ সিরিজের প্রতিটি সিনেমা দেখার জন্য দর্শক মুখিয়ে থাকেন। এবারও দর্শক উপভোগ করেছেন টম ক্রুজের সুপার অ্যাকশন থ্রিলার সিনেমাটি। ‘ডেডপুল টু’, ‘বোহেমিয়ান রাসপোডি’, ‘অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াসপ’, ‘ফ্যান্টাস্টিক বিস্টস :দ্য ক্রাইমস অব গ্রিন্ডওয়ার্ল্ড’ সিনেমাগুলোও দর্শকপ্রিয়তার তালিকায় ওপরের দিকে ছিল।

২০১৮ সালে বিলবোর্ড টপ চার্টে বেশ অনেকগুলো গান একটানা দীর্ঘদিন ধরে বেশ দাপটের সঙ্গে রাজত্ব করেছে। গত বছরের বিলবোর্ড টপ চার্টে শীর্ষ অবস্থান দখলকারী সেরা পাঁচটি গানের তালিকা তুলে ধরা হলো।

 

l দ্য মিডল :ম্যারেন মরিস

l সোলো :ক্লিন বেনডিক্ট

l ইন মাই ফিলিংস :ড্রেক

l গার্লস লাইক ইউ :ম্যারুন ফাইভ

l তাকি তাকি :ডি জে স্নেক