রূপগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত গ্রেফতার দুই

আপডেট : ১৬ জুন ২০২০, ০০:৩৬

রূপগঞ্জের ডাকাতি করার সময় গণপিটুনিতে রিপন (২৮) নামে এক ডাকাত নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো পৌরসভার বরপা তেতলাবো এলাকায় এ ঘটনা ঘটে। রিপন তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকার একটি বাসায় ভাড়া থাকত। এ সময় তার সহযোগী শরিয়তপুর জেলার জাজিরা এলাকার আলী জব্বারের ছেলে হূদয় ও সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকার সুলতান মিয়ার ছেলে মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান,  ডাকাতরা পিকআপ ভ্যানে করে ঢাকা-সিলেট মহাসড়কের পরিবহনের যাত্রী ও পথচারীদের কাছ থেকে অর্থ ও মালামাল লুটপাট করার সময় জনতা ডাকাতদের আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। ঘটনাস্থলে রিপন মারা যায়। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ডাকাতদের ব্যবহূত পিকআপ ভ্যান ও ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।