করোনা ভাইরাসের কারণে সরকারঘোষিত সাধারণ ছুটি শেষ হয়েছে গত ৩০ মে। দেশের বিভিন্ন অংশ সচল হয়েছে। করোনার ভয় নিয়েই কর্মকাণ্ড অতিবাহিত রয়েছে। যদিও গত কিছুদিনে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে।
অনেক কিছু সচল হলেও ক্রিকেটাররা মাঠে ফিরতে পারছেন না। ক্রিকেটাঙ্গন পুরো স্থবির হয়ে আছে। কবে আবার শুরু হবে ক্রিকেট, তা কারোই জানা নেই। স্বাস্থ্যবিধি মেনে নিকট ভবিষ্যতে ক্রিকেট ফের শুরু হলে আপত্তি থাকবে না বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুনের। প্রয়োজনীয় সতর্কতা নিয়ে মাঠে ফিরতে সমস্যা নেই ডানহাতি এই ব্যাটসম্যানের।
মিঠুন গতকাল বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে যদি ক্রিকেট ফেরানো হয় তাতে আমার কোনো সমস্যা নেই। অবশ্যই আমাদের দেশের পরিস্থিতি আগের চেয়ে খারাপ।’
তবে মাঠে ফেরার আগে করোনার পরিস্থিতিকে বিবেচনা করতে হবে সবার আগে। মাঠে এসে কেউ আক্রান্ত হোক এমনটা চান না মিঠুন। মিডল অর্ডার এই ব্যাটসম্যান বলেন, ‘এটা ঠিক যে করোনার কারণেই খেলা বন্ধ হয়েছিল এবং তা ফিরবে করোনা ঠিক হলে। করোনা কোন দিকে মোড় নিচ্ছে সেটা কিন্তু আমাদের দেখা উচিত। কেননা খেলতে গিয়ে কেউ আক্রান্ত হলে সেটা কিন্তু আবার বেশি সমস্যা তৈরি করবে। অবশ্যই খেলতে চাই, তবে স্বাস্থ্যবিধি মেনে। আমি কখনোই চাইব না যে কেউ আক্রান্ত হোক। আমি মনে করি স্বাস্থবিধি মেনে এই মহূর্তে যদি খেলা ফেরানো যায় এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কেউ আক্রান্ত হওয়াটা যেমন কাম্য নয় তেমনি ক্রিকেট না হওয়াটাও কাম্য নয়।’
