করোনাকালে ফেসবুকে শিল্পকর্ম প্রদর্শনী

আপডেট : ১৬ জুন ২০২০, ২২:১৬

করোনাকালে ঘরে বসে অনেক চিত্রশিল্পীই ছবি আঁকছেন। কিন্তু সেই ছবির প্রদর্শনী করার তো কোনো উপায় নেই। তাই ফেসবুক নিউজ ফিডই এখন হয়ে উঠেছে ছবি প্রদর্শনের গ্যালারি। শিল্পীরা করোনাকলে আঁকা ছবিগুলোকে আপলোড করছেন নিজের ফেসবুকে। এই সময় ট্যাগ করছেন অন্য আরো কয়েক জন শিল্পীকে। এভাবে একঝাঁক শিল্পী একে অপরকে উদ্বুদ্ধ করছেন ছবি আঁকতে। নতুন ছবির পাশাপাশি কেউ বা আপলোড করছেন পুরোনো চিত্রকর্ম। এই প্রক্রিয়ায় প্রত্যেকে ১০ দিন ১০টি করে শিল্পকর্ম পোস্ট করছেন নিজ ফেসবুক পেজে এবং একই সঙ্গে একাধিক শিল্পীর ফেসবুকে শেয়ার করে তাদেরও আমন্ত্রণ জানাচ্ছেন করোনাকালের এই শিল্প চর্চায়। করোনাকালে বিশ্ব জুড়েই শিল্পীরা মেতে উঠেছেন এমনি ছবির প্রদর্শনীতে।

মহামারির সময়ে বিশ্বব্যাপী চলমান এই ভার্চুয়াল আর্ট এক্সিবিশনে আমাদের বহু শিল্পী যুক্ত হয়েছেন। শিল্পরসিকরাও অনেক ছবি দেখার সুযোগ পাচ্ছেন। তরুণদের জন্য আরো বেশি গুরুত্ববহ হয়ে উঠেছে এই ভার্চুয়াল প্রদর্শনী। পরিচিতির পাশাপাশি অনেক তরুণ শিল্পীর ছবি বিক্রি হয়েছে।

স্বনামধন্য শিল্পী কনকচাঁপা চাকমাও এভাবে ছবি দিয়েছেন ফেসবুকে। তিনি বলেন, আরেক জনের আহ্বানে আমি এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছি। তবে ছবি এঁকে সেটি পোস্ট দেওয়ার পর আরেক জনকে আহ্বান জানিয়ে ভিন্ন রকম একটা ভালোলাগা অনুভব করেছি। পাশাপাশি মহামারির এই সময়ে আঁকাআঁকির মাধ্যমে নিজেকে চাঙ্গা রাখারও একটা কৌশল খুঁজে পেয়েছি। তাছাড়া এখন তো চাই চাইলেও কোনো প্রদর্শনী করা সম্ভব নয়। তাই আমার আঁকা ছবি দেখার লোকও নেই। সেক্ষেত্রে ফেসবুকে ছবিটি অনেকেই দেখছেন। কারো কাছে ভালো লাগলে প্রশংসা পাচ্ছি। সব মিলিয়ে নিজেদের নিজের চর্চাটা ধরে রাখতে পারছি।

ফেসবুক পেজে বেশ কিছু ছবি আপলোড করেছেন শিল্পী শাবিন শাহরিয়ার। ঢাকা চারুকলার ছাত্র হলেও এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ফলে, ঢাকার অনেকেই তার কাজ দেখতে পান না। ফেসবুকে পোস্ট করার কল্যাণে তার কাজ দেখার সুযোগ হচ্ছে। শাবিন শাহরিয়ার বলেন, দুর্যোগের এই মুহূর্তে আঁকাআঁকির মাধ্যমে এক ধরনের ভালোলাগা অনুভব করছি। শিল্পের পথে একটি চমত্কার ভ্রমণ হচ্ছে এভাবে ছবি আপলোড করে। অনেক মানুষ দেখছে। অনেকের মন্তব্য পাচ্ছি। ভালো লাগছে।

এভাবেই ফেসবুকে ছবি দিয়ে নিজেদের স্বস্তির সঙ্গে শিল্পরসিকদের নজর কেড়েছেন বেশ কিছু শিল্পী। তাদের মধ্যে রয়েছেন আনিসুজ্জামান, মিনি করিম, নাজমা আক্তার, মাহমুদ জোয়ার্দার, মুক্তি ভৌমিক, মাহমুদুর রহমান দীপন, রিফাত জাহান কান্তা, ফারেহা জেবা, মনি দাশগুপ্ত প্রমুখ।