খুলনায় করোনা হাসপাতালে চিকিত্সাধীন এক গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে নজরুল ইসলাম নামে এক ওয়ার্ডবয়কে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর সোনাডাঙ্গাস্থ হা?ফিজনগর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযুক্ত নজরুল করোনা ডেডিকেটেড হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত কর্মচারী ছিলেন। যৌন হয়রানির অভিযোগে হাসপাতাল থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। নজরুল সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কোশালিয়া গ্রামের মনসুর আলীর ছেলে। হাসপাতালের নার্স ও চিকিত্সকরা জানান, করোনা আক্রান্ত হয়ে নগরীর এক গৃহবধূ গত ৬ জুন হাসপাতালে ভর্তি হন। ১৩ জুন রাতে ওয়ার্ডবয় নজরুল পিপিই পরে ঐ রোগীর কাছে গিয়ে কুপ্রস্তাব দেয় এবং একপর্যায়ে ঐ রোগীকে যৌন হয়রানি করে। বিষয়টি নার্সরা দেখে ফেলায় নজরুল সটকে পড়েন।
ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, তিনি হাসপাতালে ভ?র্তির পরদিন থে?কে ওয়াডবয় নজরুল তাকে উত্ত্যক্ত করে আসছিল ও নানান ধর?নের আপত্তিকর কথা বলত। একপর্যায়ে ১৩ জুন রাতে সে আমাকে যৌন হয়রানি করে। সঙ্গে সঙ্গে বিষয়টি আমি সবাইকে জানাই।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার জানান, রোগীর স্বজনদের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়ে ওয়ার্ডবয় নজরুলকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঐ রোগীকেও গত সোমবার ছাড়পত্র দিয়ে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে।
নগরীর সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, নজরুলের বিরুদ্ধে ঐ গৃহবধূর পক্ষ থেকে যৌন হয়রানির অভিযোগে সোনাডাঙ্গা থানায় মামলা করা হয়েছে। নজরুলকে গতকাল আদালতে চালান দেওয়া হয়েছে।
