রাজনৈতিক দল নিবন্ধন খসড়া আইনের ওপর মতামত চেয়েছে ইসি

আপডেট : ১৬ জুন ২০২০, ২২:৫৩

রাজনৈতিক দল নিবন্ধন আইনের খসড়ার ওপর মতামত চেয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে ঐ আইনের খসড়া পাঠিয়ে তার ওপর মতামত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এদিকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) থেকে রাজনৈতিক দল নিবন্ধন সংক্রান্ত বিধান আলাদা করে এ আইনের খসড়া তৈরি করা হয়েছে। এতে নতুন দল নিবন্ধন পেতে অন্তত দুটি নির্বাচনে একটি করে আসনে জয় পাওয়ার বিধান যুক্ত করা হয়েছে। বর্তমানে একটি নির্বাচনের একটি আসনে জয় পেলেই নিবন্ধনের জন্য বিবেচিত হয়। এছাড়া রাজনৈতিক দলের সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধি রাখার বিধান শিথিল করা হয়েছে খসড়া আইনে। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, আমরা খসড়া আইন সকলের মতামতের জন্য উন্মুক্ত করে দিয়েছি। নিবন্ধিত রাজনৈতিক দল ছাড়াও দেশের যে কোনো নাগরিক এ আইনের ওপর মতামত দিতে পারবেন। মতামত পাওয়ার পর আইনে সংযোজন-বিয়োজনের বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে।

ইসি সূত্রে জানা গেছে, আরপিওর অনুচ্ছেদ ৯০এ থেকে ৯০আই এ রাজনৈতিক দল নিবন্ধন ও নিবন্ধন বাতিল সংক্রান্ত বিধান রয়েছে। নির্বাচন কমিশন আরপিও থেকে ঐ অনুচ্ছেদ রহিত করার প্রস্তাব করা হয়েছে খসড়া ‘রাজনৈতিক দলসমূহের নিবন্ধন, ২০২০’ আইনে। খসড়া আইনে সংসদ নির্বাচনের পাশাপাশি উপজেলা, পৌরসভা, সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনৈতিক দল কর্তৃক প্রার্থিতা মনোনয়নের বিষয়টি রাখা হয়েছে। বর্তমানে আরপিওতে শুধু জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতার বিষয় উল্লেখ রয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থী দেওয়ার বিষয়ে কিছু উল্লেখ ছিল না।

খসড়া আইনে রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত হিসেবে দুটি জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অন্তত একটি আসন পাওয়ার শর্ত দেওয়া হয়েছে। বর্তমান আরপিওতে একটি জাতীয় সংসদ নির্বাচনের একটি আসন পাওয়ার শর্ত রয়েছে। বাকি সব শর্ত হুবহু রাখা হয়েছে। এছাড়া খসড়া আইনে রাজনৈতিক দলের সব কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধি রাখার শর্ত শিথিল করা হয়েছে। বিদ্যমান আইনে ২০২০ সালের মধ্যে ৩৩ শতাংশ নারী প্রতিনিধি রাখার শর্ত রয়েছে। খসড়া আইনে কত বছরের মধ্যে এ শর্ত পূরণ করতে হবে সেই বাধ্যবাধকতা রাখা হয়নি।

খসড়া আইন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, সব আইনের মৌলিক বিধানাবলি অক্ষুণ্ন রেখে ইংরেজির পরিবর্তে বাংলা ভাষায় প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আরপিওতে এই আইন না রেখে কমিশনের রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন, ২০২০ রূপে বাংলায় খসড়া প্রস্তুত করা হয়েছে। একই সঙ্গে বাংলা প্রণয়নকালে ইংরেজি এবং বিদেশি শব্দের পরিবর্তে অধিকতর গ্রহণযোগ্য বাংলা পরিভাষা প্রতিস্থাপন করা হয়েছে।