ভ্রমণ কোটায় আন্তর্জাতিক ডেবিট কার্ড চালুর সুযোগ

আপডেট : ১৭ জুন ২০২০, ০০:৩৪

ব্যক্তিগত ভ্রমণ কোটায় গ্রাহকদের ব্যাংক হিসাবের বিপরীতে আন্তর্জাতিক ডেবিট কার্ড ইস্যুর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই কার্ডেও আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মতোই সব ধরনের সুবিধা পাওয়া যাবে। ভ্রমণ কোটার বৈদেশিক মুদ্রা নেওয়ার বার্ষিক লিমিট এই কার্ডে ব্যবহার করা যাবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ডেবিট কার্ড ইস্যুর সুযোগ মেলায় ব্যাংকগুলো বেশি সুবিধা ভোগ করবে। কারণ ডেবিট কার্ডের  বিপরীতে কোনো ক্রেডিট লিমিট দিতে হবে না, যেটা ক্রেডিট কার্ডের বিপরীতে দিতে হয়।

জানা গেছে, প্রযুক্তিগত দিক দিয়ে বিদেশি খাতের এইচএসবিসিসহ হাতেগোনা কয়েকটি ব্যাংকের এ ধরনের কার্ড ইস্যুর সক্ষমতা রয়েছে। তবে এখন সুযোগ দেওয়া অন্যান্য ব্যাংকও এ ধরনের কার্ড ইস্যুর প্রযুক্তিগত সক্ষমতা অর্জনে সচেষ্ট হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।