ঝিনাইদহে ২২ লাখ টাকা ও ৫ কেজি ৭০০ গ্রাম রূপা উদ্ধার

আপডেট : ১৭ জুন ২০২০, ১৮:০৩

ঝিনাইদহে নগদ ২২ লাখ টাকা ও ৫ কেজি ৭০০ গ্রাম রূপাসহ দুই চোরাচালানীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার দুপুরে সরকারি ভেটেরিনারি কলেজের সামনে থেকে টাকা ও রূপা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দপুর গ্রামের  আমিরুল ইসলাম ও তোফাজ্জেল হোসেন। 

আরো পড়ুন : রংপুর বিভাগে অজ্ঞাত রোগে ২০ দিনে এক হাজার গরুর মৃত্যু

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, তারা গোপন সূত্রে  খবর পান বিপুল পরিমাণ নগদ টাকা ও রূপার চালান নিয়ে মেহেরপুর থেকে চোরাচালানীরা ঝিনাইদহের দিকে আসছে।  এ সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের সরকারি ভেটেরিনারি কলেজের সামনে ওঁত পেতে থাকে। সোর্সের বর্ণনা মত মোটরসাইকেলটি থামায় তারা। তাদের কাছে থাকা ব্যাগের ভিতর থেকে ২২ লাখ নগদ টাকা ও ৫ কেজি ৭০০ গ্রাম রূপা উদ্ধার করা হয়। রূপা ও টাকা মানিকগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছিল বলে আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়।  

ইত্তেফাক/ইউবি