খুলনায় করোনা উপসর্গে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ১৭ জুন ২০২০, ১৯:৫৪

খুলনায় করোনা উপসর্গ নিয়ে মনিকা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১৭জুন) খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মালেকা বেগম খুলনা মহানগরীর আশফাক আলীর স্ত্রী।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, মনিকা বেগম শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গত মঙ্গলবার সকাল পৌঁনে ১০টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর সোয়া ১২টায় তিনি মারা যান। 

এর আগে গতকাল বুধবার সকাল পৌঁনে ১০টায় খুমেক হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন খান বজলুর রহমান (৬০) নামে একজনের মৃত্যু হয়। তিনি রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। খান বজলুর রহমান শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে বুধবার সকাল সাড়ে ৮টায় খুমেক হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।

আরো পড়ন: সবুজবাগে ভবন থেকে নারীর গলিত লাশ উদ্ধার

ডা. মিজানুর রহমান জানান, করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

প্রসঙ্গত, খুলনায় এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নমুনা পরীক্ষায় ৬জনের পজিটিভ ধরা পড়েছে। এছাড়া এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৯জনের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এএএম