ফিফার নির্দেশ

এখনই বাফুফের নির্বাচন নয়

আপডেট : ১৭ জুন ২০২০, ২০:৩২

সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না করলেও বাফুফে নির্বাচনের অন্যান্য প্রক্রিয়া অব্যাহত ছিল। বিশেষ করে কাউন্সিলর মনোনয়ন নিয়ে তোড়জোড় চলছিল ফুটবল অঙ্গনে। সঙ্গে সমালোচনার ঝড়ও চলছিল। এসব খবর গোপন থাকেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছেও। বাংলাদেশের ফুটবলের সববিষয় নিয়ে নাক না গলালেও কিছু বিষয় ঠিকই নিজেদের নজরদারি রাখে ফিফা।

করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত গোটা বিশ্ব। মানবজাতি যেখানে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে সেখানে ফুটবল নির্বাচন নিয়ে মাথা ঘামাতে চায় না ফিফা। তাই হয়তো বাফুফেকেও জানিয়ে দিয়েছে কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতির কথা। নির্বাচন করা যাবে যদি করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি কমে আসে।

মঙ্গলবারই ফিফার চিঠি হাতে পেয়েছে বাফুফে। সেখানে পরিষ্কারভাবে লেখা আছে, স্বাস্থ্যবিধির বিষয়টা গুরুত্বপূর্ণ। তাই বাফুফেও বলেছে, তারা ফিফার কথার বাইরে যাবে না। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন ফিফা শুধুমাত্র স্বাস্থ্যবিধির বিষয়টিই উল্লেখ করেছে।

তিনি বলেছেন, ‘আমরা ফিফার চিঠি পেয়েছি। এখন সেটার একটা জবাব দিয়ে দেব।’ কি হবে সেই জবাব? সোহাগ বললেন, ‘আমরা বোর্ড মিটিং করে যে সিদ্ধান্ত হবে, তা জানাবো। কারণ ফিফা বলেছে, আর কোনো ডেভেলপমেন্ট থাকলে জানাতে হবে।’

নির্বাচন প্রক্রিয়া থমকে যাওয়া, ফিফার চিঠি—সব মিলিয়ে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকে। গুঞ্জন আছে, ফুটবল সংশ্লিষ্ট কেউ ফিফার কাছে খবর পাঠিয়েছে। এবং তারা গোপনে হোক প্রকাশ্যে হোক খোঁজ খবর নিয়েছে সত্যতা পেয়েছে। তাই হয়তো নির্বাচন আয়োজনের ভাবার আগে করোনা ভাইরাসের কথা স্মরণ করিয়ে দিয়েছে।

তবে এটুকু সত্য যে, ঠিক ফিফা চায় না এখনই বা এই মুহূর্তে বাফুফের নির্বাচন হোক। নির্বাচন হতে হলে ফিফার অনুমতি লাগবে। তাদেরকে জানাতে হবে। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কথা ভালো করেই জানা আছে ফিফার। বর্তমান পরিস্থতি নির্বাচনের জন্য আদর্শ নয়, আনুষ্ঠানিক চিঠিতে ফিফা সেটিই বাফুফেকে বুঝাবার চেষ্টা করেছে। তারপরও বাফুফে যদি এখনই নির্বাচনের পথে হাঁটে তাহলে ফিফা কঠোর অবস্থানে যাবে। তাই বাফুফেও ফিফার কথার বাইরে যাবে না। আর চিঠিতে স্বাস্থ্যবিধি ও করোনা ভাইরাসের বাইরে আশঙ্কা করার মতো কিছু ছিল না।