বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই বেতারের ভূমিকা অনস্বীকার্য। কালের পরিক্রমায় আধুনিকায়ন হয়েছে সব কিছুর, পরিবর্তন এসেছে মানুষের জীবন এবং জীবনযাত্রার মাধ্যমগুলোতে। সেই আধুনিকতার ছোঁয়া লেগেছে বেতার তরঙ্গেও। রেডিও মানেই এখন আর শুধু শুনতে পাওয়া নয়, সাথে দেখাও যাচ্ছে রেডিও। আর এই দেখতে পাওয়া রেডিও-ই হলো ভিজ্যুয়াল রেডিও। রেডিওর পরিবর্তন ও আধুনিকায়ন নিয়ে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন নাসিরুদ্দিন কমল। দীঘ কর্ম জীবনে কাজ করেছেন দেশ ও দেশের বাইরে বিভিন্ন রেডিও ও টেলিভিশনে।
নাসিরুদ্দিন কমল দেশের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক শামসুদ্দিন টগরের ছেলে। একজন প্লে ব্যাক সিঙ্গার হিসেবে কাজ শুরু করলেও তিনি চাকরি জীবন শুরু করেন বাংলাদেশের প্রথম বেসরকারি এফএম রেডিও স্টেশনে যোগদানের মাধ্যমে। সেখান থেকেই রেডিও’র প্রতি তৈরি হয় ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই রেডিও নিয়ে বিভিন্ন গবেষণামূলক কর্মকাণ্ড, চিন্তা ভাবনা ও দেশ-বিদেশের কর্মশালায় অংশগ্রহণ করা। আর সেখান থেকেই ভিজ্যুয়াল রেডিওর স্বপ্ন দেখা। সেই স্বপ্ন বাস্তবায়নের সূচনা হয় ২০১৬ সালের ১ সেপ্টেম্বর ৯৬.৪ স্পাইস এফএম-এর উদ্বোধনের মাধ্যমে।
সোশ্যাল মিডিয়ার এই যুগে ভাটা পরে রেডিওর জনপ্রিয়তায়। তখন শ্রোতাদের আবারও রেডিওমুখী করেছে রেডিওর ডিজিটালাইজেশন ও আধুনিকায়ন।
সেই সময় অনেক দ্বিধা ও সংশয় কাটিয়ে হাঁটতে হয়েছে এই নতুন পথে; বাজি রাখতে হয়েছে এতদিনের রেডিও জগতের সুনাম ও ক্যারিয়ারকে। প্রশংসার পাশাপাশি এসেছে তীব্র সমালোচনা। এখন যখন অনেকটাই জনপ্রিয় ভিজ্যুয়াল রেডিও—তবুও যে নানা মতামত আছে এই ধারাটি নিয়ে। কিন্তু নাসিরুদ্দিন কমলের নেতৃত্বে স্পাইস এফএম-এর সাফল্য প্রমাণ করেছে বাংলাদেশের প্রথম রেডিও স্টেশান হিসেবে ইউটিউব সিলভার প্লে বাটন অর্জন এবং নিউইয়র্ক রেডিও অ্যাওয়ার্ড জয়ের মাধ্যমে। তার রূপকল্পে ভিজ্যুয়াল রেডিওর জনপ্রিয়তা দেশ ও বিদেশে শ্রোতাদের মন জয় করে নেয়, যা দিন দিন বেড়েই চলেছে। ভিজ্যুয়াল রেডিও’র এই জনপ্রিয়তা অনুপ্রেরণা জুগিয়েছে অন্য এফএম স্টেশনগুলোকেও। তারাও হাঁটছে সেই পথে। ফেসবুক লাইভ স্ট্রিমিং, নানা ধরনের রেডিও কন্টেন্ট ইউটিউবে প্রকাশের মাধ্যমে বাংলার সংস্কৃতি ও বিনোদন ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। বলা যায়, দিনশেষে রেডিও বাণিজ্যিকভাবে আবারও সফলতার দিকে এগিয়ে যাচ্ছে।
নতুন ধারার এই চিন্তা ও বিনোদন মাধ্যমে রেডিওকে আরো অনেক মানুষের কাছে জনপ্রিয় করে তুলবে বলেই ৯৬.৪ স্পাইস এফএম-এর স্টেশন ম্যানেজার নাসিরুদ্দিন কমলের বিশ্বাস। তিনি বলেন, রেডিওর এখনো আরো অনেক কিছু দেওয়ার বাকি। রেডিও’র আরো নতুন পথ ও শাখা নিয়ে রেডিও আবারও সোনালী যুগের দিকে এগিয়ে যাবে।
