রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে বিশেষ জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আরআইএ এই তথ্য দিয়েছে।
রাজধানী মস্কোর বাইরে অবস্থিত প্রেসিডেন্ট পুতিনের সরকারি বাসভবন নোভো-ওগারিয়োভোর প্রবেশপথে ঐ বিশেষ জীবাণুনাশক টানেল বসানো হয়েছে। একটি রুশ কোম্পানি এই টানেলটি তৈরি করেছে। এটি একটি বিশেষ টানেল, যা তরল জীবাণুনাশক দ্বারা পরিপূর্ণ। তাই কেউ এর ভেতর দিয়ে গেলে তার পোশাক-পরিচ্ছদ ও শরীরের উন্মুক্ত অঙ্গগুলো জীবাণুমুক্ত হয়ে যাবে। কোনো অতিথি পুতিনের সঙ্গে দেখা করতে চাইলে তাকে এই বিশেষ জীবাণুমুক্তকরণ টানেল দিয়ে যেতে হবে।
আরআইএ প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, মাস্ক পরা ব্যক্তিরা টানেলে প্রবেশ করছেন। সেখানে টানেলের ছাদ ও পাশ থেকে তাদের দেহে তরল ওষুধ স্প্রে করা হচ্ছে। ঐ জীবাণুমুক্তকরণ তরল ওষুধটি মানুষের কাপড় ও শরীরের ওপরের অংশে ছড়িয়ে যাচ্ছে। উল্লেখ্য, এপ্রিলের শুরুর দিকে পুতিনের মুখপাত্র দেমিস্ত্রি পেসকোভ বলেছিলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাত্ করা এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছিল। পেসকোভ নিজেও একমাস আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন।
