গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ আমতলী উপজেলার পূর্বচিলা গ্রামের মোকলেস মৃধার বাড়ির সামনে থেকে ২০০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে এক নারীও রয়েছে। গতকাল তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. সাকিব হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, অফিসার ইনচার্জ মো. শাহ আলমের নেতৃত্বে এসআই সোহেল ঐ এলাকায় অভিযান চালান। এ সময় পুলিশ শামিম মৃধা, আবুল কালাম আজাদ ও নিপা বেগকে আটক করেন। মাদক বিক্রেতা শামিম মৃধার বাড়ি চিলা গ্রামে, আজাদের বাড়ি কলাপাড়া উপজেলার টিয়াখালী গ্রামে ও নিপার বাড়ি বরিশাল শহরের বাজার রোডে।
অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। অপরদিকে মঙ্গলবার রাতে পৃথক অভিযানে আমতলী উপজেলার কৃষ্ণনগর গ্রামের একটি ইটভাটার সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ পাবেল মিয়া নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
