করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ হাসপাতালে ভর্তি হন। তাদের বেশির ভাগই বের হন সুস্থ হয়ে, কেউ লাশ হয়ে। আর পরিস্থিতি সেরকম হলে তো কেউ আবার বরবেশে হাসপাতাল ছাড়েন! বরবেশে হাসপাতাল থেকে বের হওয়া ঐ যুবক ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। বেনারসি শাড়ি, গয়না ও রজনীগন্ধার মালা পরে রীতিমতো বিয়ের সাজেই করোনা থেকে সেরে ওঠা স্বামীকে নিতে হাসপাতালে হাজির হয়েছেন নববধূও। হাসপাতালের চিকিত্সকরা বরণডালা আর মঙ্গলপ্রদীপ নিয়ে উপস্থিত ছিলেন। উলুধ্বনি দিয়েছেন হাসপাতালের কর্মীরা। মঙ্গলবার দুপুরে হাওড়ার ফুলেশ্বরের একটি করোনা হাসপাতালের দৃশ্য এটি। এ যেন যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু। ২৭ বছরের ঐ যুবক হাওড়ার বাসিন্দা। হাওড়া দাসনগর থানার সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করেন। গত ২ জুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফেরেন। এক দিন পরই বউভাতের অনুষ্ঠান। কিন্তু বউভাতের আগেই হাসপাতাল থেকে রিপোর্ট আসে করোনা পজিটিভ ঐ যুবক। অগত্যা নববধূকে রেখেই ভর্তি হন হাসপাতালে। নববধূও নিজের বাড়িতে ফিরে কোয়ারেন্টাইনে চলে যান। ১৪ দিন পর করোনা নেগেটিভ রিপোর্ট আসে যুবকের। নববধূর কোনো উপসর্গ না থাকায় কোনো পরীক্ষাও হয়নি।—আনন্দবাজার
