তালায় সরিষা ক্ষেতে হলুদের সমারোহ

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২১:২৭

চলতি বছর তালায় মাঠের পর মাঠ সরিষার আবাদ হয়েছে। সরিষা ফুলের গন্ধে যেনো পুরো উপজেলা সুরভিত হয়ে উঠেছে। আবহওয়া অনুকূলে থাকলে এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, চলতি মৌসুমে উপজেলায় সরিষা চাষ হয়েছে ৪৬০ হেক্টর জমিতে। এবছর ভালো ফলনের জন্য টরি-৭, বারি-১৪ ও ১৫ জাতের সরিষা চাষ করেছেন শতকরা ৯৯ ভাগ কৃষক। বাকি একভাগ চাষ হয়েছে দেশি সরিষাসহ অন্যান্য জাতের। সরিষা চাষ করতে প্রধানত চারটি জিনিস প্রয়োজন হয়। এরমধ্যে রয়েছে ভালো বীজ, সার, সেচ ও যত্ন।

উপজেলার হাজরাকাটী গ্রামের কৃষক শের আলী সরদার বলেন, জমিতে চাষ দিয়ে বীজ বপনের উপযুক্ত হলে একবিঘা জমিতে ১৪ কেজি ইউরিয়া সার, ৮.৫ কেজি পটাশ, টিএসপি ১৮ কেজি, জিপসাম ১২.৫ কেজি, ম্যাগনেসিয়াম সালফেট ২ কেজি, জিংক সালফেট ৩.৭৫ কেজি, বরিক এসিড ৭.৭৩ কেজি ও প্রয়োজনমতো গোবর সার মিশিয়ে জমিতে ছড়িয়ে দিয়ে সরিষার বীজ বপন করেন। পরে আরেকবার প্রয়োজনমতো সার ওষুধ ও সেচ দিয়েছেন। এতে তিনি ভালো ফলনের আশা করছেন।

তালা উপ-সহকারী কৃষি কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস বলেন, সরিষার ফলন প্রতি বিঘায় অর্থাত্ ৩৩ শতাংশ জমিতে সাড়ে তিন থেকে সাড়ে চার মণ পর্যন্ত ফলন পাওয়া যাবে। কৃষকরা এবছর সরিষার বীজ বেশি চাষ করেছেন। এছাড়া তিনি উপজেলা বিভিন্ন গ্রামে ব্লক বা ক্ষেত পরিদর্শনসহ ভালো ফলন পেতে চাষাবাদের জন্য কৃষকদের পরামর্শ দিয়েছেন। তাছাড়া এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদী।