সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রফিকুল হায়দার (৫২) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি হাসপাতালটির ডায়বেটোলজিস্ট ও এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে তিন দিন আগে তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালেই নমুনা পরীক্ষা করান। রিপোর্টে তিনি কোভিড-১৯ এ আক্রান্ত বলে শনাক্ত হবার পর বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার রাতে গুরুতর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে মিরপুরের বাসা থেকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: শ্মশানের জমি বাপদাদার দাবি করে লাশ সৎকারে বাধা
ডা. রফিকুল হায়দারের ভগ্নিপতি ওহেদুজ্জামান জানান, মিরপুরের পল্লবীতে একাই থাকতেন ডা. রফিকুল হায়দার। একমাত্র ছেলে প্রাজ্বলকে নিয়ে তার সাবেক স্ত্রী ডা. রোমেনা হেলাল শর্মা বর্তমানে আমেরিকায় বসবাস করেন।
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর গ্রামের মোহাম্মদ সুফিয়ানের ছেলে ডা. রফিকুল হায়দার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেন। দীর্ঘদিন ধরেই তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।
ইত্তেফাক/এসি
