চরফ্যাশনে চেয়ারম্যানের পা ধোয়ানোর ভিডিও ভাইরাল

আপডেট : ১৮ জুন ২০২০, ২১:২৯

চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক জমাদারকে এক বয়স্ক লোকের পা ধুইয়ে দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে সারাদেশের মানুষের মধ্যে ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে দিয়ে মানহানির অভিযোগে উলটো তিন যুবকের বিরুদ্ধে থানায় জিডি করেছেন ঐ চেয়ারম্যান। 

এ ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে চেয়ারম্যান মো. মোজাম্মেল বলেন—গত ১৪ জুন নিজ বাড়ি থেকে সাড়ে তিন কিলোমিটার কাঁচা রাস্তা হেঁটে রিকশায় ওঠার পূর্বে আমার বাড়ির দীর্ঘদিনের কাজের লোক মো. ফাজিল আহমেদকে নিষেধ করা সত্ত্বেও বালতি ভরে পানি এনে পা ধুয়ে দেন। স্থানীয় তিন কিশোর বিষয়টি মোবাইলে ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফীন বলেন, চেয়ারম্যান মোজাম্মেল হক ফেসবুকে হুমকি দেওয়ার অভিযোগে অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় একটি জিডি করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখব।