বাজেট অধিবেশনে কোরআনের উদ্ধৃতি

আপডেট : ১৮ জুন ২০২০, ২১:৩৩

১১ জুলাই জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়েছে। এবারের বাজেট উপস্থাপনকালে সংসদের পরিবেশে যেমন ভিন্নতা ছিল, তেমনি বাজেট বক্তৃতায়ও ছিল নতুনত্ব। বাজেট বক্তৃতায় সুন্দর যে উদাহরণটি সৃষ্টি হয়েছে তা হলো মহাগ্রন্থ আল কোরআনের উদ্ধৃতি। এছাড়া অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কণ্ঠে চলমান করোনা দুর্যোগ থেকে আল্লাহর কাছে বিনীত প্রার্থনার বিষয়টিও দৃষ্টি কেড়েছে সবার। বাজেট বক্তৃতায় চলমান করোনা মহামারিকে অর্থমন্ত্রী আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য কঠিন পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছেন। এর সপক্ষে তিনি সুরা বাকারার ১৫৫ নম্বর আয়াত উপস্থাপন করেন। যেখানে বলা হয়েছে, ‘অবশ্যই আমি (আল্লাহ) তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।’ অর্থমন্ত্রী একই সুরার ১৮৫ নম্বর আয়াত উল্লেখ করে আল্লাহ যে মানব জাতির জন্য সহজ চান, জটিলতা চান না তা জানিয়েছেন। এছাড়া সুরা আলাম নাশরাহর ৫ ও ৬ নম্বর আয়াত উল্লেখ করে আশার বাণী শুনিয়েছেন তিনি। সেই আয়াত দুটিতে বলা হয়েছে, ‘নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি।’

বাজেট বক্তৃতা আমরা অনেক শুনেছি। কিন্তু কোরআনে কারিমের এত উদ্ধৃতি আর কোনো বাজেট বক্তৃতায় ছিল বলে মনে পড়ে না। আল্লাহর একত্মবাদে বিশ্বাসী সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের বাজেট বক্তৃতায় কোরআনের উদ্ধৃতি থাকাটা বিচিত্র কিছু নয়। তবে এর কালচার না থাকায় এবারের করোনাকালের বাজেট বক্তৃতা সবার দৃষ্টি কেড়েছে। নিঃসন্দেহে এটি একটি ইতিবাচক দিক। যত দূর জেনেছি, অর্থমন্ত্রী ব্যক্তিগতভাবে কোরআন রিসার্চ করেন। কোরআনের প্রতি তার এই অনুরাগ ভালো লাগার মতো একটি বিষয়। বাজেট বক্তৃতা শেষ করার আগে মহান আল্লাহর দরবারে অর্থমন্ত্রীর বিনীত প্রার্থনাও দৃষ্টি কেড়েছে। তিনি বারবার দোয়া করেছেন, ‘ইয়া হায়্যু ইয়া কায়্যুম বিরাহমাতিকা নাসতাগিস।’ হে আল্লাহ! তোমার রহমতের ওপর ভরসা করে তোমার সাহায্য প্রার্থনা করছি। হে আমাদের প্রভু! তোমার রহমত থেকে আমাদের বঞ্চিত কোরো না। তিনি বাজেট বক্তৃতা শেষ করেছেন এভাবে—তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক। ওয়া হুয়া আলা কুল্লি শায়্যিন কাদির। সালামুন আলাল মুরসালিন। ওয়ালহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। তিনি আল্লাহর দরবারে করোনার দুর্যোগ কাটিয়ে একটি সুন্দর সকালের প্রত্যাশা করেছেন।

গত এপ্রিলে অল্প সময়ের জন্য বসা জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকারের নেতৃত্বে সবাই প্রকাশ্যে তওবা করেন। আল্লাহর আজাব থেকে বাঁচার আকুতি জানান। এবারের বাজেট অধিবেশনের শুরুর দিনেও এমপি রুহুল আমিন মাদানির মোনাজাতে ছিল অনুশোচনার অশ্রু আর করোনার আজাব থেকে বাঁচার আকুতি। অর্থমন্ত্রী একটি আলোকিত সকালের প্রত্যাশা করেছেন। এটা গোটা জাতির প্রার্থনা। সুন্দর এই দৃষ্টান্ত স্থাপনের জন্য আমরা মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।

এদিকে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য জাতীয় সংসদে কান্নাজড়িত কণ্ঠে মোনাজাত করা হয়েছে। মোনাজাতে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, ‘হে আল্লাহ, আমাদের তুমি করোনা ভাইরাসের হাত থেকে সুরক্ষা দান করো। বাংলাদেশের মাটি থেকে তুমি করোনা ভাইরাসকে নির্মূল করে দাও। তোমার গজব, আজাব তুমি তুলে নাও মাওলা। বাংলাদেশের মানুষের প্রতি তুমি তোমার রহমত বর্ষণ করো। তুমি তোমার রহমতের শামিয়ানা দিয়ে আমাদের বাংলাদেশকে ঢেকে দাও। তুমি সবই পার। আমাদের হেফাজত করো...।’

lলেখক :মুহাদ্দিস, গবেষক ও প্রাবন্ধিক