জুনেই কিওরভ্যাকের করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল

আপডেট : ১৮ জুন ২০২০, ২১:৩৩

এ মাসেই করোনা টিকার হিউম্যান ট্রায়াল চালাবে জার্মান প্রতিষ্ঠান কিওরভ্যাক। এ নিয়ে দেশটির দ্বিতীয় কোনো কোম্পানি মানবদেহে করোনা টিকা পরীক্ষার অনুমতি পেল। বুধবার জার্মানির টিকা পরীক্ষা ও অনুমোদন সংক্রান্ত প্রতিষ্ঠান পাউল এয়ারলিশ ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে। এর আগে গত এপ্রিলে মার্কিন কোম্পানি ফাইজারের সঙ্গে কাজ করা জার্মানির বায়নটেক কোম্পানিকেও এমন অনুমতি দেওয়া হয়।

১৬৮ জন স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা চালাবে কিওরভ্যাক। এ মাসেই ১৪৪ জনকে টিকা দেওয়া হবে। প্রাথমিক ফল সন্তোষজনক হলে সেপ্টেম্বর বা অক্টোবরে আরো বড়ো পরিসরে পরীক্ষা শুরু হবে। পাউল এয়ারলিশ ইনস্টিটিউট বলছে, কিওরভ্যাকের পরীক্ষার ফল ‘খুব ভালো’ হলে ২০২১ সালের শুরুতে তারা টিকা অনুমোদনের জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে আগামী বছরের মাঝামাঝি টিকা বাজারে আসতে পারে বলে জানিয়েছে কিওরভ্যাক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বিশ্বব্যাপী ১১টি কোম্পানি এখন মানবদেহে করোনার টিকা পরীক্ষা করছে। খবর ডয়েচে ভেলের

গত মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিওরভ্যাকের টিকার একচ্ছত্র স্বত্ব পাওয়ার চেষ্টা করেছিলেন বলে খবর বেরিয়েছিল। অবশ্য মার্কিন প্রশাসন ও কিওরভ্যাক সেই সময় এ খবর অস্বীকার করেছিল। জার্মান সংবাদ-মাধ্যমগুলো জানিয়েছে, আগামী মাসে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা করছে কিওরভ্যাক। এ অবস্থায় বিদেশিদের হাতে কোম্পানির মালিকানা চলে যাওয়ার আশঙ্কায় ৩০০ মিলিয়ন ইউরো দিয়ে কিওরভ্যাকের ২৩ শতাংশ শেয়ার কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে জার্মান সরকার।