বুধবার দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘নিষেধাজ্ঞা অমান্য করে ভারী যানবাহন চলাচল অব্যাহত’ শিরোনামে সংবাদ প্রকাশের পর রাতেই ব্রিজটিকে বাঁচাতে এগিয়ে আসে ভ্রাম্যমাণ আদালত। সড়ক ও জনপথ বিভাগের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দশ টনের অধিক বালুবোঝাই ট্রাক চারালী ব্রিজ দিয়ে চলাচলের অভিযোগে আবু রায়হান নামের এক চালককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অতিরিক্ত বালুবোঝাই ট্রাকটিও জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
