মতিঝিলে আরামবাগ ক্লাবের ছাদ থেকে সাইফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ বলেন, উদ্ধার করা লাশের শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই। বুধবার রাত ১০টা পর্যন্ত ঐ ব্যক্তিকে ক্লাব এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছিল আশপাশের মানুষ। বৃহস্পতিবার সকালে পাশের একটি ভবন থেকে লোকজন আরামবাগ ক্লাবের দেড়তলা ভবনের ছাদে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
কী কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করতে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর কথা জানিয়ে মতিঝিল জোনের সহকারী কমিশনার বলেন, মৃতের বাড়ি সাভারে। তার মৃত্যুর ব্যাপারে স্ত্রীকে জানানো হয়েছে। তবে সাইফুল ইসলাম কোনো পেশায় জড়িত ছিলেন না। এ ব্যাপারে মতিঝিল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
