ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলম মিয়াকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র পরিবারের জন্য ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আড়াই হাজার টাকার তালিকায় নিজের ছেলে ও আপন ভাইসহ ৯ জন নিকটাত্মীয়ের নাম অন্তর্ভুক্ত করেন তিনি। এদিকে দুস্থ মহিলার ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে অভিযুক্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোসলেমা বেগমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, গত বুধবার চেয়ারম্যান আলমকে বরখাস্ত করে মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তালিকা তৈরিতে অনিয়ম ও স্বজনপ্রীতি করার অভিযোগের বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান ইউপি চেয়ারম্যান আলম মিয়াকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, গত বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এর আগে গত ৮ মে এক দুস্থ মহিলার নামে তোলা ভিজিডির ৩০ কেজি চাল তার বাড়ি নিয়ে যাওয়ার সময় পুলিশ আটক করে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার পালকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। তদন্তে জনপ্রতিনিধি দোষী প্রমাণিত হলে মন্ত্রণালয় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
