১৫ দেশের ১৬টি প্রামাণ্যচিত্র প্রদর্শিত

আপডেট : ১৯ জুন ২০২০, ০০:৩৩

চলছে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে অষ্টম লিবারেশন ডকফেস্ট বাংলাদেশ। গতকাল অনালইনে তৃতীয় দিনে বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, পুর্তগাল, ইতালি, স্পেন, ইরান, বেলারুশ, লেবানন, জার্মানি, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ইউক্রেনের বাছাই করা ১৬টি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এ প্রামাণ্যচিত্রগুলো প্রতিযোগিতার চারটি ভিন্ন বিভাগের অংশ হিসেবে প্রদর্শিত হয়েছে। এদিকে, গতকাল আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বিভাগে প্রদর্শিত হয় ভারতের চলচ্চিত্রকার ‘আমার মাইবামের’ নির্মিত ৫২ মিনিটের প্রামাণ্যচিত্র ‘হাইওয়ে অফ লাইফ’। জাতীয় প্রতিযোগিতামূলক অংশে গতকাল প্রদর্শিত হয় মোহাম্মদ জহিরুল হাসানের নির্মিত ৩৩ মিনিটের প্রামাণ্যচিত্র ‘খুঁটি’। দক্ষিণ এশিয়ার মধ্যে মুক্তিযুদ্ধ জাদুঘরই প্রথম অনলাইনে এ ধরনের চলচ্চিত্র উত্সব আয়োজন করছে। এই আন্তজার্তিক উত্সবটি চলবে ২০ জুন ২০২০ পর্যন্ত। ১১২টি দেশের ১ হাজার ৮০০টি চলচ্চিত্র থেকে বাছাই করা সেরা ৭০টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে পাঁচ দিনব্যাপী আন্তজার্তিক এই চলচ্চিত্র উত্সবে।

উত্সবে আছে নির্মাতাদের পছন্দ অনুযায়ী জিও ব্লকিং (কোন কোন দেশ থেকে দেখা যাবে তা নির্ধারণ)। একটি ছবি ২৪ ঘণ্টার জন্য ফেস্টিভালের সময়সূচি অনুযায়ী দেখা যাবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে উত্সবের মূল প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধু মুক্তিদাতা’।  ডকফেস্টের ওয়েবসাইট www.liberationdocfestbd.org-এ গিয়ে দর্শকরা ফ্রি ইউজার অ্যাকাউন্ট খুলেই চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন।