রাঙ্গাবালী উপজেলায় মোতালেক হাওলাদার নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত মোতালেব ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা হামলাকারী শাকিল মৃধাকে গণধোলাই দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টায় ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা নিজ বাড়ি থেকে মোতালেব হাওলাদার দোকানের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে পার্শ্ববর্তী নলবুনিয়া গ্রামের শাকিল মৃধা তার (মোতালেব) পথরোধ করে। একপর্যায়ে বিএনপি-রাজাকার এলাকায় থাকতে দেবো না বলে এলোপাতাড়িভাবে মোতালেবকে ছুরিকাঘাত করে শাকিল। পরে স্থানীয় লোকজন এসে মোতালেবকে উদ্ধার করে প্রাথমিক চিকিত্সা দিয়ে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠায়।
এদিকে মোতালেবকে ছুরিকাঘাত করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওইদিন সকাল সাড়ে ১০টায় শাকিলকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। তার অবস্থা আশঙ্কাজনক। তিল্লা গ্রামের সিপন হাওলাদার বলেন, শাকিল এলাকায় চিহ্নিত চোর ও মাদকসেবী-ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে দায়ের করা একটি মাদক মামলার সাক্ষী ছিল মোতালেব। এতে মোতালেবের ওপর ক্ষিপ্ত ছিল শাকিল। তাই সুযোগ পেয়ে মোতালেবকে ছুরি দিয়ে কুপিয়েছে। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র বলেন, শাকিল প্রথমে মোতালেবকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করেছে। পরে মোতালেবের লোকজন শাকিলকে কুপিয়েছে। দুইজনকেই আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
