অপহরণের তিন মাস পর পলাশ উপজেলা থেকে পারভেজ হোসেন নামে এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার নোয়াকান্দা এলাকার একটি আখ ক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। নিহত পারভেজ পলাশ উপজেলার আদর্শ গ্রামের তাজুল ইসলামের ছেলে।
নিহতের বাবা তাজুল ইসলাম বলেন, গত বছরের ১০ অক্টোবর পারভেজ পলাশ উপজেলার পারুলিয়া বাজার থেকে বাড়ি আসার পথে দুর্বৃত্তরা পারভেজকে অপহরণ করে। পরে পারভেজের মোবাইল ফোন থেকে কল দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তাদের দাবিকৃত এক লাখ টাকা না দিলে পারভেজকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় তারা। এ ঘটনায় পলাশ থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ মঙ্গলবার রাতে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য জালাল মিয়াকে রূপগঞ্জের গাউছিয়া এবং বধুকে রায়পুরা উপজেলার ডৌকারচর এলাকা থেকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তারা পারভেজকে গলাকেটে হত্যার কথা স্বীকার করে।
থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে ডাকাতির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে পারভেজকে হত্যা করা হয়। পরে তার লাশ নোয়াকান্দা এলাকার একটি আখ ক্ষেতে মাটি চাপা দিয়ে রাখা হয়। তাদের দেওয়া তথ্যমতে আজ বুধবার দুপুরে শিবপুর থানা পুলিশ ও পলাশ থানা পুলিশের সহায়তায় পারভেজের কঙ্কাল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এসআই রফিকুল ও মনিরের চেষ্টায় হত্যার সাথে জড়িত দু’জনকে আটক ও নিহতের কঙ্কাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
