প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো মাতৃভাষা বাংলাকে আমরা শ্রদ্ধা আর ভালোবাসায় লালন করি। আর তাই ভাষা ব্যবহারে (বিশেষ করে বানান) আমাদের যত্নবান হতে হবে। আজ আমরা বাংলা বানানের নিয়ম-কানুন পর্বে ‘ষ-ত্ব’ বিধান নিয়ে আলোচনা করবো।
‘ণ-ত্ব’ বিধির ন্যায় তত্সম শব্দের বানানে ‘ষ’ ব্যবহূত হয়ে থাকে। তাই এসো আমরা ‘ষ-ত্ব’ বিধির কিছু নিয়ম জেনে নেই।
১। তত্সম শব্দে অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে উক্ত স্বরধ্বনির পর ‘ষ’ হয়। যেমন: ভবিষ্যত্ শব্দে ( ভ+অ+ব্+ই) ব- এর পরে ই এর অবস্থান। এরূপ-আবিষ্কার, কিষাণ, ইষ্ট, উষ্ণ, উষ্ণতা, গোষ্পদ ।
২। ক এবং র এর পরে প্রত্যয়ের স ‘ষ’ হয়। যেমন: মুমূর্ষু, চক্ষুষ্মান,চিকীর্ষা । এখানে মুমূর্ষু শব্দে (ম+উ কার+ম+ ঊ কার+র+ষ+উ কার) র এর পরে ‘ষ’ হয়েছে।
৩। তত্সম শব্দে ঋ, ঋ-কারের পর এবং যুক্ত ব্যঞ্জনে ট-বর্গীয় ধ্বনির আগে ‘ষ’ হয়। যেমন: ঋষি, কৃষি, কৃষক, কৃষ্ণ,পৃষ্ঠা, বৃষ্টি, সৃষ্টি, দৃষ্টি, কৃষ্টি, পুষ্টি, পুষ্ট, ঠাণ্ডা, তাণ্ডব, গণ্ডপমূর্খ, পাষণ্ড।
৪। র এবং রেফ এর পর ‘ষ’ হয়। যেমন: বরষা, বর্ষা, বর্ষণ, ঘর্ষণ,কর্ষণ,মুমূর্ষু।
৫। অতি, অভি প্রভৃতি ই-কারান্ত, উ-কারান্ত উপসর্গ এবং অনু ও সু উপসর্গের পর কতগুলো ধাতুর স ‘ষ’ হয়। যেমন: অভিষেক (সিচ্ ধাতু ), বিষণ্ণ (সদ্ধাতু), পরিষদ (সদ্ধাতু), অনুষ্ঠান (স্থা ধাতু) ইত্যাদি। এরূপ -প্রতিষেধক, সুষুপ্ত, অনুষঙ্গ, প্রতিষ্ঠান, বিষম, সুষমা।
৬। র ধ্বনির পর যদি অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে তার পরে ‘ষ’ হয় । যেমন: পরিষ্কার, সরিষা । কিন্তু অ, আ ধ্বনি থাকলে স হয়। যেমন: পুরস্কার, তিরস্কার।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী আলোচনায় আমারা ‘ষ-ত্ব’ বিধির আরও কিছু ব্যবহার সম্বন্ধে জানব। এখন আমরা জেনে নেই কোন কোন শব্দে ‘ষ’ এর ব্যবহার হবে না।
খাঁটি বাংলা ও বিদেশি মূল শব্দে শ, স এর প্রতিষঙ্গী বর্ণ বা ধ্বনি রয়েছে যাতে স, শ-ই ব্যবহার করতে হবে। যেমন:সাল, সন, জিনিস, মসলা, গ্রিস, সাদা, পোশাক, শয়তান, শার্ট, শখ, শরম, নাশতা, বেহেশ্ত ইত্যাদি।
বিদেশি শব্দে ট, ঠ বর্ণের আগে স হয়। যেমন: ডাস্টার, মাস্টার, ফটোস্ট্যাট, পোস্ট, স্টল, স্টাইল, স্টুডেন্ট, স্টোর, স্টেশন, আগস্ট ইত্যাদি। কিন্তু ‘খ্রিষ্ট’ যেহেতু বাংলায় আত্তীকৃত শব্দ এবং এর উচ্চারণও হয় তত্সম কৃষ্টি, তুষ্ট ইত্যাদি শব্দের মতো, তাই ষ্ট দিয়ে খ্রিষ্ট শব্দটি লিখতে হয়।
সূত্র: ভাষা প্রকাশ ব্যাকরণ ও রচনা-অধ্যাপক নিরঞ্জন অধিকারী এবং বাংলা ভাষার ব্যাকরণ- নবম-দশম শ্রেণি
আরো জানতে চোখ রাখুন ফেইসবুক পেইজে ‘বাংলা বানানের নিয়ম-কানুন’ গ্রুপে ও ইত্তেফাক অনুশীলন পাতায়।
