রোনালদোর প্রস্থানে প্রভাবই পড়েনি লা লিগায়!

আপডেট : ১৯ জুন ২০২০, ২১:১৮

ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রস্থানের পর থেকে রিয়াল মাদ্রিদ যেন নিজেদের হারিয়ে খুঁজছে! তবে লা লিগায় সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের প্রস্থান তেমন প্রভাব ফেলেনি, দাবি লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাসের। তবে তার অভিমত, লিওনেল মেসিও যদি লা লিগা ছেড়ে চলে যান তবে বড়ো ক্ষতির মুখেই পড়বে স্প্যানিশ লিগ। ২০১৮ সালে বিশ্বকাপের পরপরই রিয়াল ছাড়ার ঘোষণা দেন পর্তুগিজ অধিনায়ক। তার অনুপস্থিতি গেল মৌসুমে ভালোই ভুগিয়েছে রিয়ালকে। টানা তিনবার চ্যামিপয়ন্স লিগ জেতা দলটি ২০১৮-১৯ মৌসুমে জিততে পারেনি একটি শিরোপাও। তবে রিয়ালের মতো রোনালদোর অনুপস্থিতির প্রভাব অনুভব করেনি লা লিগা। এ ব্যাপারে লা লিগা সভাপতির ভাষ্য, ‘রোনালদোর চলে যাওয়ার পর রিয়াল মাদ্রিদ ক্ষতিগ্রস্ত হলেও, প্রকৃতপক্ষে লা লিগায় উল্লেখযোগ্য কোনো প্রভাবই পড়েনি। কারণ লা লিগাকে আমরা এমনভাবে লোকসম্মুখে প্রচার করেছি যার কারণে কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের চলে যাওয়া একে বিশেষ প্রভাবান্বিত করতে পারে না।’

তবে তেবাসের পূর্বানুমান, রোনালদোর দেখানো মেসিও পা বাড়ালে বড়ো প্রভাবই পড়বে লিগে। তিনি বলেন, ‘মেসি ইতিহাসেরই সেরা খেলোয়াড়, তার ব্যাপারটা পুরোপুরি ভিন্ন। সে যে এখানেই তার পুরো ক্যারিয়ার জুড়ে রয়ে গেছে, তাতেই আমরা ভাগ্যবান। তবে সে ক্লাব ছাড়লে, লা লিগা ছেড়ে অন্যত্র চলে গেলে প্রভাবটা ভালোভাবেই টের পাওয়া যাবে বলে মনে হচ্ছে। তবে আর্থিক দুর্যোগ হয়তো হবে না। কারণ সম্প্রচার চুক্তি করা আছে। মেসি চলে গেলে সে অর্থ কমে যাবে না।’ আগামী মৌসুমের শেষে চুক্তি শেষ হতে যাচ্ছে আর্জেন্টাইন তারকার। তবে নতুন চুক্তির আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তার। তেবাস মেসিকে অনুরোধ করলেন, ক্যারিয়ারের বাকিটা সময় বার্সাতেই থেকে যাওয়ার! বললেন, ‘মেসি স্পেনে ফুটবলের একজন পথিকৃত্। তার প্রতি আমার অনুরোধ থাকবে তিনি যেন তার ক্যারিয়ারটা এখানেই শেষ করেন। ’ আর তেবাস মেসিকে অনুরোধ করছেন পুরো ক্যারিয়ারটাই বার্সায় কাটিয়ে যেতে, ‘মেসি স্পেনের আইকন। আমি তাকে অনুরোধ করব পুরো ক্যারিয়ারই এখানে শেষ করতে। আমরাও তাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছি।’