শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম থেকে ১০ কেজি হরিণের মাংস ও একটি মাথা উদ্ধার করেছে বনরক্ষীরা। উদ্ধার করা মাংস শুক্রবার সকালে মাটিচাপা দেওয়া হয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে শরণখোলা স্টেশনের বনরক্ষীরা সোনাতলা গ্রামের হাবিব হাওলাদারের বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় পচে যাওয়া ১০ কেজি হরিণের মাংস ও একটি মাথা উদ্ধার করে। তবে এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে বনআইনে ইউডিওআর মামলা রেকর্ড করা হয়েছে। শত্রুপক্ষ তাকে ফাঁসাতে বাড়ির পাশে পচা মাংস রেখে বনবিভাগকে খবর দিয়ে থাকতে পারে বলে হাবিব হাওলাদারের ধারণা। তিনি এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত দাবি করেন।
