বাংলাদেশের নারী জাগরণের পুরোধা ব্যক্তিত্ব কবি সুফিয়া কামালের আজ ১০৯তম জন্মদিন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাজনীতিবিদ, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের অনুপ্রেরণা জুগিয়েছেন। বাংলার মানুষ তাকে ‘জননী সাহসিকা’ উপাধিতে ভূষিত করে।
১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে একটি অভিজাত পরিবারে তার জন্ম। ১৯২৬ সালে সওগাত পত্রিকায় তার প্রথম কবিতা বাসন্তী প্রকাশিত হয়। ১৯২৯ সালে তিনি বেগম রোকেয়ার ‘আঞ্জুমান-ই-খাওয়াতিন-ই-ইসলামে যোগ দেন। ১৯৩১ সালে তিনি মুসলিম মহিলাদের মধ্যে প্রথম ইন্ডিয়ান মহিলা ফেডারেশনের সদস্য নির্বাচিত হন। ১৯৩৮ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘সাঁঝের মায়া’ প্রকাশিত হয়। যার ভূমিকা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। আর রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রশংসা করেছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সরাসরি যোগ দেন। ১৯৬৯ সালে মহিলা সংগ্রাম পরিষদ (বর্তমানে মহিলা পরিষদ) গঠিত হলে প্রতিষ্ঠাতাপ্রধান নির্বাচিত হন। এছাড়া তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে ছায়ানটের সভাপতি ছিলেন। সুফিয়া কামাল স্বাধীনতা দিবস পুরস্কার, একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার ও বেগম রোকেয়া পদকসহ ৫০টিরও অধিক পুরস্কার লাভ করেছেন। ১৯৯৯ সালের ২০ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি সুফিয়া কামালের জন্মদিন উপলক্ষ্যে ছায়ানট বরাবর অনুষ্ঠান করলেও এবার করোনা সংক্রমণের কারণে কোনো অনুষ্ঠান আয়োজন করছে না। সংগঠনটির পক্ষ থেকে এজন্য গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে।
