খুলনায় ডা. রকিব হত্যায় আরো দুই আসামি রিমান্ডে

আপডেট : ১৯ জুন ২০২০, ২২:৩২

খুলনায় ডা. আব্দুর রকিব খান হত্যা মামলায় গ্রেফতার আরো দুই আসামিকে দুইদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া মামলার প্রধান আসামি জমির শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল শুক্রবার খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুস সামাদ এ রিমান্ড মঞ্জুর ও জমির শেখের দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে গত বৃহস্পতিবার মামলার আরেক আসামি খাদিজা বেগম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই দিনে আসামি আব্দুর রহিমকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার সহকারী পরিদর্শক (এসআই) বি এম মনির হোসেন জানান, ডা. রকিব হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জমির শেখ, আব্দুর রহিম, আবুল আলী, গোলাম মোস্তফা ও খাদিজা বেগমকে টঙ্গী ও খুলনার রূপসা থেকে গ্রেফতার করা হয়।